১৫ জুন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নবম আসরের একটি দৃশ্য
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নবম আসরের একটি দৃশ্য

অবশেষে আগামী ১৫ জুন বসছে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর আসর। এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এটি এই উৎ​সবের দশম আসর।
চ্যানেল আই সূত্র জা​নিয়েছে, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও আর নানাবিধ কারণে বেশ কয়েকবার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিছিয়ে আসতে বাধ্য হন আয়োজক কর্তৃপক্ষ। আর তাই, অনেক আগেই সংগীতের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে থাকলেও এত দিন তা সম্ভব হয়নি। অবশেষে ১৫ জুন তারিখটি সামনে রেখেই অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি চলছে।’
চ্যানেল আই সূত্র এও জানিয়েছে, বাংলাদেশের গুণী ও জনপ্রিয় প্রায় সব সংগীত তারকাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংগীতের ১৬টি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু।
দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আয়োজনের দিক দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বিভিন্ন ঘরানার সংগীতশিল্পী, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। বিচারকদের রায়ে তা চূড়ান্ত হবে। আর শ্রোতাদের ভোটে দেওয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেব্যু সংগীত ও ফিউশন বিভাগের পুরস্কার।