১৫ বছর পর...

২০০০ সালে মুক্তি পায় সুমনা হকের আধুনিক গানের অ্যালবাম মাঝে কিছু বছর গেল। এরপর কিছু বছর নয়, কেটে গেছে অনেকগুলো বছর। আধুনিক গান নিয়ে এরপর আর কোনো কাজ করেননি তিনি। মাঝে ২০০৮ সালে তুমি রবে নীরবে নামে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বের করেন। কিন্তু আধুনিক গান দিয়ে জনপ্রিয় এই শিল্পী লম্বা সময় ধরে নিজ গানের ঘরানাতেই ছিলেন অনুপস্থিত। এবার হঠাৎ সাড়া মিলল তাঁর। আজ শনিবার ১৫ বছর পর মুক্তি পাচ্ছে সুমনা হকের আধুনিক গানের অ্যালবাম কিছু স্মৃতি কিছু বেদনা। এটি এই শিল্পীর চতুর্থ একক অ্যালবাম।
লম্বা সময় গানে অনুপস্থিত এই শিল্পীর ফিরে আসার খবরে হয়তো ভক্তদের মুখে হাসি ফুটেছে। কিন্তু দুঃসংবাদ হলো, সুমনা হক আর গানে ফিরছেন না। তিনি ছবি আঁকার জগতেই মগ্ন। পাঁচটি একক চিত্রকর্ম প্রদর্শনীর পর এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী প্রদর্শনীর। আর গান? এ নিয়ে তিনি বললেন, ‘গানে ফেরার ইচ্ছা নেই। সংগীতের প্রতি অনুরাগ থেকেই এবারের অ্যালবামটি করা।’
এই অ্যালবামে থাকছে সাতটি গান। সব কটিই লিখেছেন সুমনা হক। সুর করেছেন ভারতের জাসপাল মনি। পিবিএস থেকে মুক্তি পাওয়া অ্যালবাম কিছু স্মৃতি কিছু বেদনার চারটি গানের ভিডিও তৈরি হয়েছে। ভিডিওগুলো পরিচালনা করেছেন রাজীব সালেহীন। এগুলো প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে।