১৬টি ব্যান্ড নিয়ে হচ্ছে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে আইয়ুব বাচ্চু
‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে আইয়ুব বাচ্চু

রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যান্ড উৎসব ‘ব্যান্ড ফেস্ট ২০১৭’। উৎসবে অংশ নিচ্ছে দেশের ১৬টি ব্যান্ড। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উৎসব উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম, সৈয়দ হাসান ইমাম, ডা. অরূপ রতন চৌধুরী, ফকির আলমগীর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এ সময় মঞ্চে ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী আর উৎসবে অংশ নেওয়া বিভিন্ন ব্যান্ডের সদস্যরা।

আগেই জানানো হয়েছে, চ্যানেল আই চতুর্থবারের মতো আয়োজন করছে এই উৎসবের। উৎসবে অংশ নিচ্ছে এলআরবি, অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্রিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রঙ, সাসটেইন ও হৈচৈ।

‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে শিল্পীরা
‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে শিল্পীরা

উৎসবের শুরুতেই সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথি ও দর্শকেরা। এ সময় জানানো হয়, গত বছর চ্যানেল আই আয়োজিত ‘তৃতীয় ব্যান্ড ফেস্ট ২০১৬’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসুল হক। বক্তব্যের শেষে আইয়ুব বাচ্চুর সঙ্গে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটির কিছু অংশও গেয়েছিলেন তিনি।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘পরপর তিন বছর সাফল্য পাওয়ায় এই উৎসব উল্লেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। বিশ্বের যেখানে বাংলা ভাষাভাষি দর্শক আছেন, তাঁরা চ্যানেল আইয়ের মাধ্যমে এই ব্যান্ড ফেস্ট উপভোগ করছেন। ব্যান্ডসংগীতের ব্যাপারে আবার মানুষের আগ্রহ বাড়ছে। এবার আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এই উৎসব আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।’

‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে শিল্পীরা
‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ মঞ্চে শিল্পীরা

আইয়ুব বাচ্চু বলেন, ‘কারও স্বপ্ন কোথাও পূরণ না হলেও সেটা চ্যানেল আই পূরণ করে। বিশ্বজুড়ে চ্যানেল আইয়ের অগণিত দর্শক তা পূরণ করেন।’

‘ব্যান্ড ফেস্ট ২০১৭’ উপস্থাপনা করছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। প্রযোজনা করছেন অনন্যা রুমা। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই উৎসব সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।