১৭ দিনের আলিনাকে হারালেন ন্যান্সি
৪ মে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে সংগীত তারকা ন্যান্সির কন্যাসন্তান হয়েছিল। জন্মের পাঁচ দিনের মাথায় ছোট্ট শিশু আলিনা জাফরিন অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পাঁচ দিনের আলিনাকে। ১২ দিন রোগভোগের পর গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ন্যান্সির মেয়ে আলিনা বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিল।
শনিবার সকালে হাসপাতালের করিডোরে কথা হয় ন্যান্সির সঙ্গে। সন্তানের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, ‘জন্মের কয়েক দিন পরই আলিনা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে ৯ মে তাকে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনতে হয়। হাসপাতালে আনার পর ১২ দিনে দুই দফায় অস্ত্রোপচার করতে হয়েছে।’
ন্যান্সি ও তাঁর স্বামী জায়েদ গতকাল দুপুরের আগে আলিনার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। জানা গেছে, ময়মনসিংহ সদরের কাচারি জামে মসজিদে বাদ আসর জানাজা শেষে আলিনার লাশ পার্শ্ববর্তী গোলকিবাড়ি কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।