২০ টাকায় গান বেচলেন অর্ণব!

নিজ উদ্যোগে সরাসরি ভক্তদের হাতে খুব ডুব অ্যালবাম তুলে দিয়েছিলেন অর্ণব। এবার আরেকটি অভিনব উপায়ে শ্রোতাদের কাছে গান পৌঁছে দিলেন এই সংগীতশিল্পী। মাত্র ২০ টাকার বিনিময়ে তাঁর নতুন গান ‘তুই বললে’ কেনার সুযোগ পেয়েছিলেন শ্রোতারা। তবে এ সুযোগ ছিল এক দিনের জন্য। গত শনিবার তিনি ফেসবুকের মাধ্যমে শ্রোতাদের কাছে গান পৌঁছে দেন।
অর্ণব শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিকাশ নম্বর পোস্ট করেছিলেন। নতুন গানটি পেতে চাইলে সেখানে ২০ টাকা পাঠানোর কথা বলেন তিনি। টাকা পাঠিয়ে শ্রোতার বিকাশ নম্বর এবং ই-মেইল আইডি সেই পেজে জানাতে বলেন। শ্রোতার বিকাশ নম্বর থেকে টাকা পাওয়া নিশ্চিত হলে অর্ণব তাঁর নতুন গানটি ই-মেইল আইডিতে পাঠিয়ে দেন। অর্ণব জানান, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রায় ৫০ জনকে ই-মেইল করে গান পাঠিয়েছেন তিনি।
এরপর ফেসবুক পেজটিতে অর্ণব বলেন, নতুন করে আর কেউ যেন টাকা না পাঠান। কিন্তু এ ঘোষণা দিতে না–দিতেই আরও ২০টির মতো নম্বর থেকে টাকা এসে যায়। ফলে সন্ধ্যার মধ্যে তাঁদের ই-মেইল করে ‘তুই বললে’ গানটি পাঠাতে হয় অর্ণবকে। অর্ণব বলেন, ‘এখানে বিষয়টা আসলে টাকার নয়। আমি শ্রোতাদের রেসপন্স দেখতে চাইছিলাম।’
‘তুই বললে’ গানটি অর্ণবের প্রথম ইন্দো-বাংলা প্রকল্পের একটি অংশ। গানটি লিখেছেন পশ্চিমবঙ্গের প্রশান্ত সরকার এবং সংগীতায়োজন করেছেন প্রদ্যুত চট্টোপাধ্যায়। ভারতীয় শ্রোতারা ইনস্টামোজো ডটকম নামের একটি ওয়েবসাইট থেকে গানটি কিনতে পারছেন।