২০ বছর পর এক মঞ্চে

পুরনো সেই লোগো আবার দেখা যাচ্ছে নতুন ওয়েবসাইটে। তাদের ফেসবুক পেইজও আভাস দিচ্ছে নতুন কোনো চমকের। কিন্তু মূল কর্তাব্যক্তিরাই মুখ খুলছেন না। তবে তাতে কি? সূত্র ধরে ধরে ঠিকই খবরের মূলে পৌঁছে গেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। সেখান থেকে পাওয়া খবরে জানা গেছে, ২০ বছর পর এক হতে যাচ্ছে পুরনো সেই ‘গান অ্যান্ড রোজেস’। ২০১৬ সালের কোচিলা কনসার্টে এ দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য স্ল্যাশ ও অ্যাক্সেল রোজ এক মঞ্চে উঠবেন ২০ বছর পর।
রোজ ও স্ল্যাশ শেষবার ১৯৯৩ সালের ১৭ জুলাই আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে একটি কনসার্ট করেছিলেন। এরপর থেকে সেই শুরুর সময়কার ‘গানস অ্যান্ড রোজেস’ দলকে আর মঞ্চে পায়নি দর্শক-শ্রোতারা।
আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠেয় ‘কোচিলা মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নেওয়ার জন্য এখন কথাবার্তা চলছে মূল ‘গানস অ্যান্ড রোজেস’-এর। যদি সব কথা পাকাপাকি হয়ে যায়, তাহলে স্ল্যাশ ও রোজকে নিয়ে পুরোনো এই দলই হবে এবারের কোচিলা উৎসবের মূল আকর্ষণ।
তা ছাড়া ‘গানস অ্যান্ড রোজস’ দলের এক সূত্র পশ্চিমা গণমাধ্যমগুলোকে জানিয়েছে, কোচিলার পাশাপাশি আরও কিছু কনসার্টে গাইবে পুরোনো দলটি। এ জন্যও এখন আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে পুরোদমে। নতুন করে এক হওয়া পুরোনো সদস্যদের দলটি প্রতি কনসার্টের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করছে। সম্মানীর এই হিসাব-নিকাষগুলো মিলে গেলেই নতুন বছরের নতুন এ খবর গানের জগতকে করবে আরও গতিশীল। বিলবোর্ড।