২০০০ ডলারে বিবারের সঙ্গে সেলফি

বিবারের সঙ্গে একটি সেলফি তুলতে কত টাকা খরচ করতে চান আপনি? একজন বিবারভক্তের জন্য এটি নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ। কিন্তু তাই বলে প্রায় দেড় লাখ টাকায় একটা সেলফি? হ্যাঁ, সাম্প্রতিক খবর তো এমনটাই বলছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিকিট বিক্রয়কারী ওয়েবসাইট এখন বিক্রি করছে বিবারের সঙ্গে সেলফি তোলার টিকিট। দুই হাজার ডলার খরচ করলেই মিলছে গানের জগতের তারকা জাস্টিন বিবারের সঙ্গে সেলফি তোলার সুযোগ।
ঘটনা হলো, আগামী বছর থেকে জাস্টিন বিবার শুরু করছেন তাঁর নতুন অ্যালবামের গানগুলো নিয়ে বিশ্বসফর ‘বিবারস পারপাস’। এই সফরের অংশ হিসেবে বিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরের শ্রোতাদের সামনে গাইবেন। সেই সফরের টিকিটই এখন অগ্রিম বিক্রি হচ্ছে। আর সেই সফরের টিকিটের মধ্যে সবচেয়ে দামি প্যাকেজের মূল্য ধরা হয়েছে দুই হাজার মার্কিন ডলার।
দুই হাজার মার্কিন ডলারে একজন শ্রোতা বিবারের পুরো কনসার্ট ভিআইপি আসনে বসে দেখতে পারবেন, কনসার্টের শুরুতে কিংবা শেষে ব্যাকস্টেজ ঘুরে দেখবেন এবং মিনিট কয়েক জাস্টিন বিবারের সঙ্গে কাটিয়ে একটি সেলফি তোলার সুযোগ পাবেন। এই প্যাকেজটির নাম রাখা হয়ে ‘দ্য আলটিমেট পারপাস এক্সপেরিয়েন্স’। তা ছাড়া একই আয়োজনের জন্য ৯২৫ ডলারের বিনিময়ে রয়েছে ভিআইপি পারপাস টিকিট। এতে সেলফি নয়, শ্রোতারা কনসার্ট শেষে বিবারের সঙ্গে একটি গ্রুপ ছবি তোলার সুযোগ পাবেন।
বিবিসি।