২১ বছর পর নানাবাড়িতে

উপলক্ষ ছিল মুজিবনগর দিবসে গান গাওয়া। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়েই শাকিলা জাফরের সেখানে যাওয়া। তবে এই অনুষ্ঠানটিই একমাত্র উদ্দেশ্য ছিল না তাঁর। অন্য একটি কারণ হলো, তাঁর নানাবাড়ি মেহেরপুরে। তাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে তা লুফে নেন এই কণ্ঠশিল্পী। কারণ, এ উপলক্ষে ২১ বছর পর তিনি ফিরতে পারবেন তাঁর ছেলেবেলার স্মৃতিবিজড়িত সেই স্থানে।
১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবসে গান গেয়েছেন শাকিলা। তবে ১৫ এপ্রিলই পৌঁছে যান চেনা সেই শহরে। ছিলেন ১৯ এপ্রিল পর্যন্ত। এই কদিনে নিজের শৈশবকে নতুন করে ফিরে পেয়েছেন এই শিল্পী। ফিরে পাওয়া শৈশবের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে এসে মনেই হচ্ছে না আমি শিল্পী শাকিলা জাফর। মামা, খালা, মামিদের সঙ্গে আড্ডা দিয়েছি, সাইকেল চালিয়েছি, চাতালে গিয়ে নারীদের সঙ্গে কাজে অংশ নিয়েছি, সবাইকে নিয়ে ইজিবাইক, নছিমন, রিকশায় চড়েছি, ঘুড়ি উড়িয়েছি। আরও কত কী! আমরা তিন বোন। আমার নয় খালা, পাঁচ মামা, তাঁদের ছেলেমেয়ে—সব মিলিয়ে অনেক বড় পরিবার। সেই মজাটা কেবল মেহেরপুরে এলে পাই।’ পুরোনো স্মৃতি হাতড়ে শাকিলা বলেন, ‘এই বাড়ি, এই পাড়ায় কত দাপিয়ে বেড়িয়েছি। সেই অনুভূতি সারাক্ষণ বুকের মধ্যে বাস করে। ভাষা দিয়ে বোঝাব কীভাবে!’ বলতে বলতে আবেগে অশ্রুসিক্ত শাকিলার দুচোখ।
শাকিলা জাফর সর্বশেষ ১৯৯৪ সালে শিল্পী তপন চৌধুরীকে নিয়ে নানাবাড়ি এসেছিলেন। মেহেরপুরের জেলা শিল্পকলা একাডেমী এবার সংবর্ধিত করেছে তাঁকে। ‘আমি ডায়েট মেনে চলি। নিরামিষভোজী। কিন্তু মায়ের বাড়ি এসে ব্ল্যাক বেঙ্গল ছাগলের গোশত খাব না, তা কি হয়! তা ছাড়া এখানকার ২৫০ বছরের পুরোনো বাসকুরীর সাবিত্রী, রসকদম্ব মিষ্টি এবার ঢাকায় নিয়ে যাব। পরিচিতজনেরা যে যাঁর মতো আমার জন্য পিঠা, খাবার তৈরি করে নিয়ে দেখতে এসেছেন। তাঁদের এই ভালোবাসায় আমি মুগ্ধ। এই ভালোবাসাকে কিসের সঙ্গে তুলনা করব বলতে পারেন?’ বলতে গিয়ে দ্বিতীয় দফায় চোখভরে পানি আসে শাকিলার।