২১ মে 'কনসার্ট ফর নেপাল'
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতার জন্য ‘প্রাণআপ কনসার্ট ফর নেপাল’-এর আয়োজন করা হয়েছে। ২১ মে রাজধানীর কলাবাগান মাঠে আয়োজিত কনসার্টে গাইবে শ্রোতাপ্রিয় বেশ কিছু ব্যান্ড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টে আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, নাসিম আলীসহ গানের দল ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগন, পাওয়ার ভয়েসের সজল এবং রেশমী অংশ নেবেন। এ ছাড়া যোগ হতে পারে আরও কিছু ব্যান্ড ও শিল্পী।
আয়োজক প্রতিষ্ঠান প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম জানান, ২১ মে বেলা আড়াইটায় দর্শকদের জন্য গেট উন্মুক্ত করা হবে এবং তিনটায় শুরু হবে কনসার্ট। আগামীকাল থেকে ঢাকার ‘স্বপ্ন’ আউটলেট এবং কনসার্টের দিন কলাবাগান মাঠ থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের মূল্য ১৫০ টাকা। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের সাহায্যার্থে দেওয়া হবে।