২২ জুলাই 'বাংলার গান'-এর চূড়ান্ত পর্ব

চ্যানেল আইয়ের লোকসংগীতশিল্পী অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২২ জুলাই। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বসবে গ্র্যান্ড ফিনালের মূল আসর।
গতকাল রোববার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত উৎসবের এই পরিকল্পনা জানান প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান। এতে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তৌফিকুর রহমান, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। প্রতিযোগীদের নিয়ে নিজেদের অভিমত জানান লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, আকরামুল ইসলাম।
রেজওয়ানা চৌধুরী বন্যা প্রতিযোগিতার শীর্ষ সাত শিল্পীর প্রশংসা করে বলেন, ‘লোকগানের একগুচ্ছ কণ্ঠশিল্পী পেতে যাচ্ছে বাংলাদেশ। এই সাতজনই আগামী দিনে বাংলাদেশের লোকগানের সাতটি স্তম্ভ হবে।’
ফরিদুর রেজা সাগর জানান, পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ ও দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে যাওয়া লোকগানের ঐতিহ্য ফিরিয়ে আনাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।