২৫০ দেশের ৭৫০ পোর্টালে বাপ্পার গান

সম্প্রতি জিরোনা বাংলাদেশের ব্যানারে অ্যালবাম প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। এটি তাঁর দশম একক অ্যালবাম। নাম ‘জানি না কোন মন্তরে’। বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে ‘জানি না কোন মন্তরে’ অ্যালবামের গান পাওয়া যাচ্ছে।
বাংলাদেশে ফ্যাশন হাউজ দেশালের সবগুলো শো-রুম, রকমারি ডটকম, আইটিউনস ডটকম ও সাগর পাবলিশার্সে ‘জানি না কোন মন্তরে’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে। ৭০০ টাকার আকর্ষণীয় প্যাকেজে অ্যালবামটির সঙ্গে দেওয়া হচ্ছে একটি টি-শার্ট, একটি মগ ও একটি পোস্টার।
‘জানি না কোন মন্তরে’ অ্যালবামে ১১টি গান এবং ১টি ইন্সট্রুমেন্টাল রয়েছে। সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গীতিকার হিসেবে রয়েছেন সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার, নিয়াজ আহমেদ অংশু, রাসেল ও’নীল, মাস মাসুম, রানা, জয় শাহরিয়ার, শাহান কবন্ধ, রবিউল ইসলাম জীবন ও আবীর আলমগীর।
বাপ্পা মজুমদার বলেন, ‘আমি সব সময়ই নতুন কথা-সুর ও সংগীতায়োজনে বৈচিত্র্য নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুরের ক্ষেত্রে মেলোডিকে প্রাধান্য দিয়েছি। গানের কথায়ও রয়েছে কাব্যময়তা। সাউন্ডেও থাকছে নতুনত্ব। আশা করি, গানগুলো শ্রোতারা পছন্দ করবেন।’
বাপ্পা আরও বলেন, ‘বর্তমান অডিও বাজারের পরিস্থিতির কথা সবারই জানা। সেই অবস্থার উন্নতির জন্য কাজ করছে জিরোনা। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা চমত্কার।’