২৬ ব্যান্ড নিয়ে পার্থ বড়ুয়ার বাংলাদেশ ব্যান্ডস জেন নেক্সট

জন্মশহর চট্টগ্রামের ২৬ ব্যান্ড নিয়ে নতুন মিশনে নেমেছেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া। চট্টগ্রামের ব্যান্ডসংগীত দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সম্ভাবনাময় ২৬ ব্যান্ডের জন্য নতুন গান তৈরি হয়েছে পার্থ বড়ুয়ার তত্ত্বাবধানে। শুধু সংগীতের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছেন বলে জানান তিনি। এরই মধ্যে ফিউজ ব্যান্ডের গান প্রকাশিতও হয়েছে। আজ শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে পার্থ বড়ুয়া তাঁর নতুন মিশনের কথা জানান।
নিজের গানের দল নিয়ে ব্যস্ত সময় পার করলেও ২৬ ব্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন পার্থ বড়ুয়া। নতুন প্রজন্মের ২৬ ব্যান্ডের নতুন গান নিয়ে তিনি শুরু করেছেন বাংলাদেশ ব্যান্ডস জেন নেক্সট। পার্থ বড়ুয়া বলেন, ‘স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশে যাত্রা শুরু করা আমাদের ব্যান্ডসংগীত আজ অনেক পরিণত। বাংলাদেশের ব্যান্ড সংগীতকে প্রতিটি প্রজন্ম নিজের মতো করে এগিয়ে নিয়ে গেছে। আমরা ভেবেছি, নতুন প্রজন্মের সম্ভাবনাময় ব্যান্ডকে উপস্থাপন করা হবে বাংলাদেশ ব্যান্ডস জেন নেক্সটের এ আয়োজনে।’
ফিউজ ছাড়া পার্থ বড়ুয়ার তত্ত্বাবধানে তৈরি হওয়া অন্য ব্যান্ডগুলো হচ্ছে সিনহা ব্রাদার্স, সোল অব ইনফিনিটি, ব্যান্ড ১৬/৭১, রানওয়ে, হার্টজ রিলেশন, নাটাই, বনসাই, থাউজেন্ড ডায়াস, আর্তনাদ, ওয়ার্নিং, জলরং, মোশন ইউনিভার্স, মেট্রিক্যাল, তীরন্দাজ, স্টোন, সাইকিক থিউরম, খুঁটি, ওয়ান ক্লাউড, অ্যামেচার, অনুশীলন, নোঙর, ফোক রেভল্যুশন, রেডিয়েশন, ক্ষ্যাপা বাউল ও বিবর্ণ।
পার্থ বড়ুয়া বলেন, ‘আমরা চাইছি, চট্টগ্রামের সম্ভাবনাময় ব্যান্ডগুলো উঠে আসুক, ভালো করুক। সংগীতপ্রেমীদের কাছে নিজেদের তুলে ধরুক। আমরা দেখেছি, সব সময় চট্টগ্রাম থেকে ভালো ভালো ব্যান্ড উঠে এসেছে। তাই চট্টগ্রামের ব্যান্ড নিয়ে নতুন গান তৈরি করছি, ২৬টি ব্যান্ডের নতুন গান কিছু না কিছু প্রভাব তো ফেলবেই। এ ২৬ ব্যান্ডের কয়েকটা গান শ্রোতাদের ভালো লাগবেই—এটা আমি নিশ্চিত করে বলতে পারি। প্রতিটা ব্যান্ডের প্লেয়িং স্ট্যান্ডার্ডও বেশ ভালো।’
পার্থ বড়ুয়া জানান, ২৬ ব্যান্ডের গান প্রকাশ পাবে ইউটিউবে। ৩০ জানুয়ারি ফিউজ ব্যান্ডের ‘কাব্য’ শিরোনামের গান প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।