২৭ বছর বয়স কী ভয়ংকর!

মৃত মানুষের ক্লাব। বিখ্যাত সব নাম, যাঁরা সংগীতজগতে আলোড়ন তুলেছিলেন। উত্থান যেমন ধূমকেতুর মতো। প্রস্থানটাও আকস্মিক। সংখ্যায় এ এক অদ্ভুতুড়ে ক্লাব। আবেগের জায়গায় বিষাদের। সংগীতপ্রেমীদের কাছে কৌতূহলেরও।
এই ক্লাবের বিশেষত্ব—এঁর সবাই মারা গিয়েছেন ২৭ বছর বয়সে। মৃত্যুর কারণগুলোও অস্বাভাবিক। হার্ট অ্যাটাক, মাদক ও অ্যালকোহল, সড়ক দুর্ঘটনা এবং বিশেষ করে আত্মহত্যা।

শুরুটা সম্ভবত ১৯৬৯ থেকে ১৯৭১ সালের মধ্যে, যখন বেশ কিছু রক-এন-রোল শিল্পী মারা যান। যাঁদের বয়স আশ্চর্যজনকভাবে ছিল ২৭ বছর। এর আগে ও পরে ২৭ বছর বয়সী সংগীত তারকাদের মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটেছে। ওই সময়টার মধ্যে ব্যাপারটি ছিল চোখে পড়ার মতো। এ কারণে এই ‘ক্লাব টোয়েন্টি সেভেন’ ধারণার জন্মও তখন।
আগেও বেশ কিছু শিল্পী ২৭ বছর বয়েস মারা গিয়েছিলেন। আলেক্সান্দ্রে লেভি যেমন মৃত্যুবরণ করেন ১৭ জানুয়ারি, ১৮৯২-তে। ব্লুজ সুরকার ও গায়ক রবার্ট জনসন ১৯৩৮ সালে মারা গিয়েছিলেন। ২৭ বছর বয়সেই ব্লুজ ইতিহাসের অন্যতম সেরা সুরকারের মর্যাদা পেয়েছিলেন। ‘ক্রস রোড ব্লুজ’-এর গায়ক মারা গিয়েছিলেন বিষক্রিয়ায়। তবে এ নিয়ে বিতর্ক আছে। অনেকের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছিল।

ষাটের দশক। রক-এন-রোলের স্বর্ণযুগ। সারা বিশ্বে ঝড় তুলেছে বিটলস, লেড জ্যাপলিন, পিংক ফ্লয়েডের মতো ব্যান্ডগুলো। আরেক কিংবদন্তি ব্যান্ড দ্য রোলিং স্টোনসের প্রথম গিটারিস্ট ছিলেন ব্রায়ান জোন্স। ১৯৬৯ সালের শুরুর দিকে মাদকাসক্তির কারণে দল থেকে বরখাস্ত করা হয়। সে বছর ৩ জুলাই তাঁকে সুইমিংপুলে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয়, নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলে পড়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই মানুষের নজরে আসে ‘ক্লাব ২৭’।
রক মিউজিকের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট ধরা হয় জিমি হেনড্রিক্সকে। পার্পল হেইজ, ভুডু চাইল্ড, হেই জোর মতো কিংবদন্তি গানের স্রষ্টাকে রোলিং স্টোন ম্যাগাজিন স্বীকৃতি দিয়েছে সর্বকালের সেরা হিসেবে। ১৮ সেপ্টেম্বর ১৯৭০-এ মারা যান হেনড্রিক্স। বয়স সেই ২৭! কারণ হিসেবে দেখানো হয়—অতিমাত্রায় পেইনকিলার সেবন। কারও চোখে এটি ছিল আত্মহত্যা। কেউ মনে করেন, হত্যা করা হয়েছিল হেনড্রিক্সকে।

জ্যানিস জপলিন, ‘সুরেলা ডাইনি’, ‘সাইকেডেলিক আত্মার রানি’ মারা গিয়েছিলেন হেনড্রিক্স মারা যাওয়ার দুই সপ্তাহ পরেই। রক-এন-রোলের ‘ফার্স্ট লেডি’ ও ‘রানি’ মারা গিয়েছিলেন হেরোইন সেবনে। বিষাদগ্রস্ত থাকতেন। এই বিষাদ তাঁকে ঠেলে দিয়েছে মৃত্যুর পথে। ঢুকে পড়েছেন ক্লাব টোয়েন্টি সেভেন।
১৯৭১ সাল, এই বদ্বীপে যখন যুদ্ধের দামামা, পৃথিবীকে বিদায় জানালেন রক গানের ইতিহাসের অন্যতম সেরা গায়ক জিম মরিসন। দ্য ডোরস ব্যান্ডের ভোকালিস্ট একাধারে ছিলেন কবি, সুরকার ও লিরিসিস্ট। বলা হয় ‘দ্য লিজার্ড কিং’ মারা গিয়েছিলেন হেরোইন সেবনে। কিন্তু মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত না হওয়ায় তা নিশ্চিত করে বলা যায় না।

ব্রায়ান জোনস মারা যাওয়ার ঠিক দুই বছর পর মারা গিয়েছিলেন মরিসন। ঠিক এক বছর পর মারা যান তাঁর বহুদিনের বান্ধবী পামেলা কোরসন, তারও বয়স হয়েছিল ২৭। ‘লাইট মাই ফায়ার’, ‘লাভ মি টু টাইমস’, ‘দ্য অ্যান্ড’সহ অসংখ্য গানের জন্য অমর হয়ে আছেন তিনি।
ব্যাডফিঙ্গার ব্যান্ডের লিড গিটারিস্ট পিট হ্যাম, আত্মহত্যা করেছিলেন ১৯৭৫-এ। তাঁর ২৮তম জন্মদিনের দুদিন আগে এক পানশালায় দেখা করেছিলেন তাঁর ব্যান্ডেরই আরেক সদস্য টম ইভান্সের সঙ্গে। বলেছিলেন, ‘চিন্তা করিস না, পালানোর রাস্তা জানা আছে আমার।’ বাসায় ফিরে তিনি জীবনের প্রতি তাঁর বিতৃষ্ণার কথা লেখেন সুইসাইড নোটে। গ্যারেজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাত বছর পর টম ইভান্সও একই পথ বেছে নেন।

এই ক্লাবের সবচেয়ে জনপ্রিয় নাম সম্ভবত কার্ট কোবেইন। ৯০ দশকে বিশ্বকে যিনি গ্রাঞ্জ ও অল্টারনেটিভ রকের সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্যান্ড নির্ভানার মাধ্যমে। ছোটবেলায় পারিবারিক বিচ্ছেদ দেখেছেন। নিজের স্ত্রীর সঙ্গেও সুর কেটে যাচ্ছিল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ‘স্মেলস লাইক টিন স্পিরিট’, ‘কাম অ্যাজ ইউ আর’ গানের গায়কের আত্মহত্যার মধ্য দিয়ে আবারও আলোচনায় ‘ক্লাব ২৭’।
এ দেশে রক সংস্কৃতির বয়স খুব বেশি দিনের নয়। এর মধ্যে ‘ক্লাব ২৭’-এর একমাত্র ঘটনাটি খুব সাম্প্রতিক। মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন গত ২২ জুলাই। মাইলস ব্যান্ডের কি-বোর্ডিস্ট মানাম আহমেদ তাঁর বাবা। নেমেসিস ব্যান্ডের সাবেক গিটারিস্ট ভক্ত ছিলেন চেস্টার বেনিংটনের, যিনি নিজেই দুদিন আগে আত্মহত্যা করেছিলেন। লিনকিন পার্ক ব্যান্ডের ভোকালিস্ট চেস্টার আত্মহত্যা করেছিলেন তাঁর বন্ধু ক্রিস কর্নেলের জন্মদিনে। ক্রিস কর্নেল আত্মহত্যা করেছিলেন কয়েক মাস আগেই। এই দুটি মৃত্যু পরস্পর সম্পর্কিত হলেও জাহিনের মৃত্যুর নেপথ্যে কারণ এখনো অজানা।

‘ক্লাব ২৭’-এ আরও কিছু উল্লেখযোগ্য নাম: অ্যামি ওয়াইনহাউজ, ক্রিস বেল, ডেভ আলেক্সান্ডার, রোনাল্ড ম্যাককারনেন।
সংগীত মানুষের নির্ভরতা, বেঁচে থাকার উদ্দীপনা। সংগীত বিষাদের বাহকও। কিন্তু বিষাদের মেঘ তাড়াতে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর ওষুধ হলো গান। সেই গানের স্রষ্টারাই যখন আত্মহননের পথ বেছে নেন, ভক্তদের পায়ের তলের মাটি সরে যায়।
আত্মহত্যার এমন ঘটনা নিশ্চয়ই বেদনাদায়ক। একই সঙ্গে এই ঘটনাগুলোই বিষণ্নতার ভয়াবহতা আমাদের সামনে স্পষ্ট করে তোলে। তবুও এই ‘ক্লাব ২৭’ গড়ে ওঠার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। জিম মরিসনই একবার বলেছিলেন: There are things known and things unknown and in between are The Doors...