৩০ বছর পূর্তিতে ৩০ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারফেজের ৩০ বছর পূর্তিতে আয়োজন করা হয় ‘থার্টি ইয়ারস সেলিব্রেশন অব ওয়ারফেজ, এ লিগ্যাসি কনসার্ট’ l ছবি: প্রথম আলো
ওয়ারফেজের ৩০ বছর পূর্তিতে আয়োজন করা হয় ‘থার্টি ইয়ারস সেলিব্রেশন অব ওয়ারফেজ, এ লিগ্যাসি কনসার্ট’ l ছবি: প্রথম আলো

‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’—ওয়ারফেজের খুব জনপ্রিয় এমন ৩০টি গান মুগ্ধ করেছে শ্রোতাদের। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় কনসার্ট আয়োজন করে বাংলা হার্ড রক আর হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। কনসার্টের শিরোনাম ‘থার্টি ইয়ারস সেলিব্রেশন অব ওয়ারফেজ, এ লিগ্যাসি কনসার্ট’।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির গুলনকশা হলে পুরো পাঁচ ঘণ্টার এই কনসার্ট উপভোগ করেন প্রায় সাড়ে ছয় হাজার দর্শক।
রবি নিবেদিত এই কনসার্ট শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। ওয়ারফেজের বর্তমান সদস্যদের পাশাপাশি এই কনসার্টে অংশ নিয়েছেন পুরোনোরাও। ছিলেন বাবনা, সঞ্জয়, বালাম আর রোমেল।
কনসার্ট শেষে ওয়ারফেজের টিপু বলেন, ‘৩০ বছরের এই দীর্ঘ পথচলায় আমরা যাঁদের পাশে পেয়েছি আর পুরো পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাঁরা আমাদের গান শুনেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতেও সবাইকে পাশে পাব।’
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। এ পর্যন্ত বেরিয়েছে তাদের আটটি অ্যালবাম।