৩২ সেকেন্ডে কোনালের 'মন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল
কোনাল

ঈদে আসছে গায়িকা কোনালের নতুন গানের ভিডিও। তাঁর আগে প্রকাশিত হয়েছে গানটির টিজার। গতকাল শনিবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটির কিছু অংশের ভিডিও আপলোড করা হয়েছে। ৩২ সেকেন্ড ব্যাপ্তির এই টিজারে ‘মন’ গানটি সম্পর্কে দর্শক-শ্রোতাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান এই গায়িকা।
আবদার রহমানের লেখা ‘মন’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এটি কোনালের পরবর্তী একক অ্যালবামে থাকবে বলে জানান তিনি।
কোনাল বলেন, ‘এই গানের মধ্যে একটা চমৎকার গল্প আছে। ভিডিওচিত্রের মাধ্যমে আমরা সেই গল্পটি ঠিকঠাকভাবে বলার চেষ্টা করেছি। আর পুরো গানের মধ্যে একটা ফিল্মি আমেজও পাবেন দর্শক-শ্রোতারা।’
কী সেই গল্প জানতে চাইলে কোনাল জানান, ‘পুরো গল্পটা এখনো বলতে চাচ্ছি না। শুধু এটুকু ধারণা দিতে চাই, “মন” গানটিতে দুই বন্ধুর মধ্যকার প্রেম-ভালোবাসা আর প্রতারণার গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’
গত মাসের শেষ দিকে ঢাকার অদূরে পুবাইলের ডিপুবাড়িতে ‘মন’ গানের ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়। এটির কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন আশিকুর রহমান।