৩৩ সংগীতশিল্পীর এক অ্যালবাম!

সংগীতশিল্পী সব মিলিয়ে তাঁরা ৩৩ জন; কিন্তু অ্যালবাম একটিই। অ্যালবামটির নাম ‘চাটগাঁ এক্সপ্রেস’। এই ৩৩ জনের বেশির ভাগ শিল্পীরই বাড়িই আবার চট্টগ্রামে। আসছে ঈদুল আজহা উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবে ঈগল মিউজিক। ৩৩ শিল্পীকে এক অ্যালবামে ঠাঁই দেওয়ার পুরো আয়োজনটি সম্পন্ন করেছেন গীতিকার জীবক বড়ুয়া।
মুঠোফোনে জীবক প্রথম আলোকে জানিয়েছেন, নতুন এ অ্যালবামের শিল্পীর তালিকায় আছেন সন্দীপন, সাব্বির, নিশিতা, রাশেদ, রন্টি দাশ, বৃষ্টি মুৎসুদ্দী, মুনসহ অনেকেই। এরই মধ্যে অ্যালবামটির কাজ শেষ হয়েছে। এখন শুধু প্রকাশের অপেক্ষা।
চাটগাঁ এক্সপ্রেসে গান রয়েছে মোট ১৩টি। এর মধ্যে ‘শ্রদ্ধা’ শিরোনামের একটি গানই গেয়েছেন মোট ১২ জন শিল্পী। তিনটি একক গান গেয়েছেন সাব্বির, রাশেদ ও মুন। আর বাকি ৯টি ডুয়েট গান সবাই মিলে গান।
জীবক বড়ুয়া অ্যালবাম প্রসঙ্গে বললেন, ‘আমার নিজের বাড়ি চট্টগ্রামে। তাই চট্টগ্রামের প্রতি আলাদা একটা টান আছে। চট্টগ্রামের সব তরুণশিল্পীকে এক জায়গায় করে অ্যালবামটি করার উদ্যোগ নিয়েছি।’
‘চাটগাঁ এক্সপ্রেস’ অ্যালবাম এর গানগুলোর সুর করেছেন ইফতেখারুল লেনিন, আরিয়ান, সাব্বির, রাশেদ, জীবক বড়ুয়া ও দেবেন্দ্রনাথ চ্যাটার্জি এবং সংগীত আয়োজন করেছেন ইফতেখারুল লেনিন, সাব্বির জামান ও অমিত চ্যাটার্জি। অ্যালবামের গানগুলো লিখেছেন জীবক বড়ুয়া।