৬০ দেশে শীর্ষে!

প্রথম অ্যালবামের প্রথম প্রকাশিত গানটিই আইটিউনসে ৬০ দেশে শীর্ষ ছুঁয়েছে। সাবেক ওয়ান ডিরেকশন ব্যান্ডের সংগীতশিল্পী জায়েন মালিকের প্রথম অ্যালবাম ‘মাইন্ড অব মাইন’-এর প্রথম গান ‘পিলোটক’ প্রকাশিত হয়েছিল এ বছরের জানুয়ারিতেই। ‘মাইন্ড অব মাইন’ অ্যালবামের ‘পিলোটক’ শিরোনামের এ গানটির ভিডিওচিত্র প্রকাশ করেছিলেন মালিক। গানটি সম্প্রতি ৬০টি দেশে আইটিউনসে গানের তালিকার শীর্ষে উঠেছে।
আনন্দে উচ্ছ্বসিত মালিক এ প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘এটি অবিশ্বাস্য...আমি বিশ্বাসই করতে পারছি না।...তোমাদের সবাইকে ভালোবাসি।’
ভিডিওচিত্রটিতে জায়েন মালিকের সঙ্গে অংশ নিয়েছেন তাঁর প্রেমিকা সুপার মডেল জিজি হাদিদ।
২৩ বছর বয়সী সংগীতশিল্পী জায়েন মালিক তাঁর ‘পিলোটক’ গানটি প্রকাশ করার পরপরই টুইটারে এটি দ্রুত আলোচনায় আসে।
গানটি প্রকাশ করার সময় জায়েন মালিক বলেছিলেন, ‘আমি মনে করি, যে বিষয়টি নিয়ে এই গান, সে ব্যাপারে আমি পুরোপুরি স্বচ্ছ।’ তিনি জানিয়েছিলেন, প্রত্যেকেরই যৌনতা নিয়ে কিছু বলার আছে। জীবনের একটি উল্লেখযোগ্য অংশ এটি। এটি কার্পেটের নিচে লুকিয়ে রাখার বিষয় নয়। আর এ নিয়ে কথা বলারও প্রয়োজন আছে।
জায়েন-জিজির সম্পর্কের মতোই তাঁদের ভিডিওচিত্রটিও সারা বিশ্বেই আলোড়ন তুলেছে।
জায়েন মালিকের সঙ্গে সম্পর্ক গড়ার আগে মার্কিন মডেল ও অভিনেত্রী জিজি হাদিদের জীবনে এসেছিলেন মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাস। জোনাসের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর জিজির সম্পর্ক গড়ে ওঠে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসনের সঙ্গে। কিন্তু সে সম্পর্কটিরও ইতি ঘটে ২০১৫ সালেই। ২০১৬ সালে জিজি হাদিদ প্রেমে পড়েন জায়েন মালিকের। ফিমেল ফার্স্ট। ইন্দো-এশিয়ান নিউজ।