৭ মার্চের রঙিন ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা
আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে দেখানো হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের রঙিন সংস্করণ। দেশের বাইরে থেকে এ ভাষণের সাদা কালো ভিডিওটির রঙিন সংস্করণ তৈরি করিয়ে আনা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে কনসার্ট ও লেজার শো’র আয়োজনে এই ভিডিওটি দেখানো হয়।

আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ গান করছে ব্যান্ডদল নেমেসিস
আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ গান করছে ব্যান্ডদল নেমেসিস

কনসার্টে গান শোনায় জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ, শিরোনামহীন, ক্রিপটিক ফেইট, লালন, শূন্য, নেমেসিস ও আর্বোভাইরাস। ওয়ারফেইজের শিল্পী মিজানের কণ্ঠে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গানটি বিশেষভাবে আন্দোলিত করে তরুণদের। অন্যান্য ব্যান্ডদলগুলো মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের বেশ কয়েকটি গান গেয়ে শোনায়।
বিকেলে কনসার্টের শুরুতে মঞ্চে আসে আর্বোভাইরাস। তাঁরা গেয়ে শোনায় ‘হারিয়ে যাও’ ও ‘জ্বালো আগুন জ্বালো’। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি গেয়ে শোনায় ব্যান্ডদল নেমেসিস। এ ছাড়া দলটি ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘কোথাও আছ যে’ ও ‘কবে’ গানগুলো পরিবেশন করে। ব্যান্ডদল শূন্য গেয়ে শোনায় ‘শত আশা’সহ বেশ কয়েকটি গান। 
এ আয়োজনে সন্ধ্যা থেকে শুরু হয় লেজার শো ও নৃত্যালেখ্য। সন্ধ্যা সাড়ে ৭টার পর বড় পর্দায় চালানো হয় বঙ্গবন্ধুর ভাষণের রঙিন সংস্করণটি। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানে কেঁপে ওঠে আর্মি স্টেডিয়াম। 
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এ কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সেক্রেটারিয়েট ইয়াং বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, প্রতিমন্ত্রী তারানা হালিম, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাঈম রাজ্জাক কনসার্ট উপভোগ করেন।