৭০ হাজারের ভিডিও প্রায় ১৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরাণ’ গানের ভিডিওর দৃশ্য।
‘পরাণ’ গানের ভিডিওর দৃশ্য।

মাত্র ৭০ হাজার টাকায় বানানো গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক শফিক তুহিনের গানের ভিডিও প্রায় ১৫ লাখ বার দেখার মাইলফলক ছুঁই ছুঁই করছে। আজ শনিবার দুপুর পর্যন্ত ‘পরাণ’ শিরোনামের এই গানটি ১৪ লাখ ৯৯ হাজারের বেশিবার দেখা হয়ে গেছে। দুই মাসের মাথায় ইউটিউবে নিজের একটি গানের এতবার দেখার বিষয়টিতে ভীষণভাবে উচ্ছ্বসিত শফিক তুহিন।
প্রথম আলোর সঙ্গে আজ শনিবার আলাপে এই শিল্পী বলেন, ইউটিউবে ভক্ত ও দর্শকেরা তাঁর এই গানটি স্বাভাবিকভাবেই ১৪ লাখ বারের বেশি দেখেছেন। এখানে তিনি কোনো ধরনের বুষ্ট করেননি বলেও দাবি করেন।
শফিক তুহিন বলেন, ‘আমি ৪ লাখ টাকার বেশি বাজেটে ‘দিশেহারা অনুভব’ শিরোনামের একটি গানের ভিডিও বানিয়েছিলাম। কক্সবাজারে বিশাল আয়োজনে বানানো ওই ভিডিওতে গ্ল্যামারেরও কমতি রাখিনি। কিন্তু আমার সেই গানটি দর্শক-শ্রোতারা মোটেও গ্রহণ করেননি বা খুব বেশি দেখেননি বলে মনে করি। কঠিন সত্য হচ্ছে, কম বাজেটের গানের ভিডিওতে শ্রোতাদের যে পরিমাণ আগ্রহ দেখেছি, তাতে আমি মুগ্ধ। আমি বলতে চাই, ভিডিওর কারণে গান চলবে না, গান চলবে তার কথা, সুর ও গায়কির কারণে।’

শফিক তুহিন
শফিক তুহিন

তুহিন এও বলেন, ‘আমি মনে করি, গান হচ্ছে চোখ বন্ধ করে শোনার বিষয়, ভাবনার গভীরে গিয়ে উপলব্ধি করার বিষয়। কথা ও সুরের গভীরতায় গিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার বিষয়। এটাকে ভিডিওর মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রে নির্দিষ্ট ভাবনার মধ্যে আটকে দেওয়া হয়। গানের ক্ষেত্রে চোখ বন্ধ করে মনের দুয়ার খুলে দর্শক-শ্রোতাদের ভাববার দরজা খুলে দিতে হবে।
উদাহরণ টেনে শফিক তুহিন বলেন, ‘পাশের দেশ ভারতে প্রতি বছর বিগ বাজেটে এক-দুইশো গানের ভিডিও প্রকাশিত হয়। বছর শেষে আমরা দেখি, দুই থেকে তিনটা গান মানুষের মুখে থাকে, হৃদয়ে স্থান করে নেয়। আর তা একমাত্র সম্ভব হয়, গানের সুর, কথা ও চমৎকার গায়কির কারণে। অল্প বাজেটে বানানো একটা গানের ভিডিও যে মানুষের মনে স্থান করে নিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমারই গাওয়া ৪২ হাজার টাকা বাজেটে বানানো এর বেশি ভালোবাসা যায় না গানের ভিডিও। আমার আরেকটা গান ‘দেখ আমারই খুশিতে’ও মাত্র ২৫ হাজার টাকায় বানানো হয়েছিল।’
শিল্পীদের গানের ভিডিওর বানানোর ক্ষেত্রে পরামর্শও দিয়েছেন শফিক তুহিন। বললেন, ‘আমি কিন্তু সব সময় গানের কথা ও সুর নিয়ে ভেবেছি। ভিডিও নিয়ে খুব একটা ভাবিনি, প্রভাবিত হয়ে বিগ বাজেটের ভিডিও বানিয়ে নিজে ধরাও খেয়েছি বলতে পারেন। আমাদের দেশেও ইদানীং হুজুগে পাঁচ-ছয় লাখ টাকা বাজেটে গানের ভিডিও বানাচ্ছেন। এই সব ভিডিও থেকে হিসাব করলে বছর শেষে ২-৩টি গানই হিট হয়েছে। তার মানে যে গানের ভিডিওগুলো প্রকাশিত হয়েছে, তা মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারেনি। দর্শক-শ্রোতারা আসলে গানের ক্ষেত্রে গ্ল্যামার দেখতে চায় না, একটা গল্প দেখতে চায়। বাংলার প্রেমের আর বাংলার বিরহের গল্প।’
শফিক তুহিনের গাওয়া ‘পরাণ’ গানটির কথা লিখেছেন এসআই শহীদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আমিনুল ইসলাম শান্ত।