৭৮ বছর আগের চমক!

এক্ষুনি বাজানো হবে ১৯৩৭ সালের ধারণ করা সেনোলা কোম্পানির একটি গ্রামোফোন রেকর্ড। গান গেয়েছেন প্রখ্যাত একজন শিল্পী। ঘোষণা শুনেই সিরিয়াস হয়ে বসলেন শিল্পী দিলীপ কুমার রায়। মুহূর্তেই কলের গানে বেজে উঠল, ‘কাঁদিছে একেলা কেকা...।’ কিছুক্ষণের মধ্যেই তিনি আবিষ্কার করলেন, এটি তারই গাওয়া ১৯৩৭ সালের প্রথম রেকর্ড! রেকর্ডের উল্টো পাশের গানটি ছিল, ‘ওপারে প্রভাত হোলো...।’ দুটি গানেরই লেখা ও সুর সুপ্রীতি সেনের। দিলীপ কুমার রায়কে অবাক করে দেওয়ার জন্যই এভাবে পুরো ব্যাপারটি উপস্থাপন করা হয়েছিল।
সত্যিই তাঁকে অবাক করে দিয়েছেন ইকবাল মতিন। রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় তাঁর বাসায় রয়েছে গ্রামোফোনের প্রায় ছয় হাজার রেকর্ড ও পাঁচটি কলের গান। তার মধ্যে চারটি কলের গানই সচল।
ইকবাল মতিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল আনুষদের ডিন ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান। শৌখিন সংগীতশিল্পী, সমালোচক, গবেষক ও অত্যন্ত জনপ্রিয় বেহালাবাদক।
তাঁর বাড়িতেই গত মঙ্গলবার দুপুরে আড্ডায় যোগ দিয়েছিলেন দিলীপ কুমার রায়। সঙ্গে ছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অর্চনা ভৌমিক। ইকবাল মতিন শুধু দিলীপ রায়কে তাঁর গানের রেকর্ড শুনিয়ে তাক লাগিয়েছেন তাই নয়, দিলীপ রায়ের নানা রজনীকান্ত সেনের কণ্ঠে ১৯০৯ সালে ধারণ করা সম্রাট সপ্তম এডওয়ার্ডের ভাষণও বাজিয়ে শুনিয়েছেন। দিলীপ কুমার রায় স্বীকার করেন, তাঁর প্রথম রেকর্ডটি এখন আর তাঁর সংগ্রহেও নেই।
দিলীপ কুমার রায় বেলা তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত ওই বাসায় সময় কাটান। যাওয়ার সময় ইকবাল মতিনকে তাঁর গানের দুটি সিডি ও তাঁর মা শান্তিলতা রায়ের লেখা কান্ত কবি রজনীকান্ত বইটি উপহার দেন।
৯০ বছর পরে রাজশাহীতে এলেন কবি রজনীকান্ত সেনের নাতি সংগীতশিল্পী ও প্রশিক্ষক দিলীপ কুমার রায়। এখন তাঁর বয়স ৯৮ বছর। গাড়ি থেকে নেমেই রাজশাহীর মাটিতে চুমু খেলেন। গেলেন নিজের শিক্ষাজীবন শুরুর প্রতিষ্ঠান বি.বি. হিন্দু একাডেমিতে। যাওয়ার সময় নানার ভিটের একটু মাটি ও ভাঙা দেয়ালের একটা ইটের টুকরো নিয়ে গেলেন।
সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
গত ২৩ অক্টোবর দিলীপ কুমার রায় ঢাকায় এসেছেন। তিনি দিনাজপুর থেকে ফিরে ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।