'অবসকিওরে ধান্দাবাজি চলবে না'

‘ওরা ভেবেছিল, ওরা অবসকিওরে বাজাবে আবার অন্য ব্যান্ডে গিয়ে খ্যাপ মারবে। দুই ব্যান্ড থেকেই রোজগার হবে। কিন্তু আমার ব্যান্ডের কিছু নিয়ম আছে, নীতি আছে। অবসকিওরে ধান্দাবাজি চলবে না। ওরা এখন আর অবসকিওরের সঙ্গে নেই।’ বললেন অবসকিওর ব্যান্ডের প্রধান ও কণ্ঠশিল্পী সাঈদ হাসান টিপু। আবারও নতুন সদস্যের সন্ধান করতে হচ্ছে তাঁকে। কারণ, অবসকিওরের তিন সদস্য গিটারিস্ট রাজু, ড্রামার রিংকু আর কি-বোর্ডিস্ট শাওন সম্প্রতি তানযীর তুহিনের নতুন ব্যান্ড ‘আভাস’-এ যোগ দিয়েছেন।
শিরোনামহীনের সাবেক সদস্য কণ্ঠশিল্পী তানযীর তুহিন এরই মধ্যে নতুন ব্যান্ড গড়েছেন। তাঁর ব্যান্ডের নাম ‘আভাস’। গত শনিবার প্রথম আলো অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়। টিপু জানান, তাঁরা ছিলেন চট্টগ্রাম ক্লাবে। সন্ধ্যায় গান করবেন। সেদিন তিনি জানতে পারেন, অবসকিওরের তিন সদস্য আভাস ব্যান্ডে যোগ দিয়েছেন। তখনো এই সদস্যরা তাঁর সঙ্গেই ছিলেন। তিনি বিষয়টি নিয়ে তিনজনের সঙ্গে কথা বলেন। জানতে চান। কিন্তু তাঁদের কাছ থেকে বিশ্বাসযোগ্য কিছু পাননি। গান শেষে রাতেই ব্যান্ড থেকে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
টিপু বললেন, ‘তাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই। গানের চেয়ে আয়ের দিকটাই তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। গানের প্রতি সম্মানবোধ এখনো তৈরি হয়নি। প্রতিশ্রুতির জায়গাটা খুবই নড়বড়ে। তারপরও তাদের প্রতি আমার শুভকামনা রইল।’

অবসকিওর ব্যান্ডে ভাঙন কিংবা সদস্য সংযোজন নতুন কোনো ঘটনা নয়। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় এই ব্যান্ড প্রতিষ্ঠা করেন টিপু। এরপর ১৯৯১ সালে তিনি দেশের বাইরে যান। ১০ বছর স্থগিত ছিল ব্যান্ডের সব কার্যক্রম। ২০০১ সালে নতুন সদস্যদের নিয়ে অবসকিওর প্রকাশ করে অ্যালবাম ‘ফেরাতে তোমায়’। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আবারও স্থগিত ছিল কার্যক্রম। নতুনভাবে শুরু করার পর অবসকিওর নতুন গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল আর কনসার্টে গান করেছে।
টিপু বললেন, ‘এরই মধ্যে কি-বোর্ডে যোগ দিয়েছেন বিনোদ আর বেস গিটারে ফয়সাল। শিগগিরই নতুন ড্রামার যুক্ত হচ্ছেন। এখন তো পুরো সিজন। কিন্তু আমরা পুরো এক মাস পিছিয়ে গেলাম। নতুনদের সঙ্গে অন্তত এক মাস প্র্যাকটিস করে তবেই আমরা আবার মঞ্চে উঠব, ক্যামেরার সামনে দাঁড়াব।’