'অ্যান্টি' রিয়ানা

‘ঠিক’ বলে যা জেনে এসেছেন, যা আপনাকে জানতে বাধ্য করেছে সমাজ-রাষ্ট্র, তার সবই কি ঠিক? যাকে শেখানো হয়েছে ‘ভুল’, সেটা যে আসলেই ভুল, কে বলেছে? প্রথাগত ধারণাকে ভেঙে ভেতরটা দেখে নিতে আপনাকে আহ্বান জানাবে অ্যান্টি। বিরোধীর বিদ্রোহ কণ্ঠস্বর নিয়ে আবার আসছেন রিয়ানা। অনেক অপেক্ষার পর আসছে তাঁর অষ্টম অ্যালবাম অ্যান্টি।
২০১২ সালে প্রকাশিত হয় তাঁর সর্বশেষ অ্যালবাম আনঅ্যাপোলোজেটিক। ২০০৫ সালে প্রথম অ্যালবাম প্রকাশিত হওয়ার পর কখনোই এত লম্বা বিরতি নেননি। অবশেষে রিয়ানা কানে হেডফোন গুঁজে গান শুনছেন, এমন একটি ছবি টুইটারে দিয়ে লিখলেন, ‘অ্যান্টির গানগুলো শুনছি।’ এর আগে প্রযোজক কাক হ্যারেল ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, ‘মিশন সম্পন্ন!’ যেখানে রিয়ানা কমেন্টে প্রত্যুত্তর দিয়েছিলেন লাল রঙের বেলুনের ইমো পোস্ট করে।
অ্যান্টির বাজারে ছাড়ার তারিখ যদিও এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী মাসে রিয়ানা বিশ্ব সফরে বের হচ্ছেন নতুন অ্যালবামের প্রচারণায়। এর আগে অ্যালবামের তিনটি সিঙ্গেলও প্রকাশ করা হয়েছিল: ‘ফোরফাইভসেকেন্ডস’, ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’ ও ‘আমেরিকান অক্সিজেন’। পুরো অ্যালবামে গান থাকছে ১০টি। টুইটার বার্তা