'আনন্দমেলায়' আঁখি-কণার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর-দিলশাদ নাহার কণা
আঁখি আলমগীর-দিলশাদ নাহার কণা

সংগীতশিল্পী আঁখি আলমগীর ও কণা একসঙ্গে গাইলেন ঈদ উপলক্ষে নির্মিতব্য ছোট পর্দার এক অনুষ্ঠানের জন্য। একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীতশিল্পী। বিটিভির এবারের ঈদ ‘আনন্দমেলা’য় এই দুই শিল্পীকে ‘আমন্ত্রণ’ শিরোনামের একটি গান গাইতে দেখা যাবে।

জনি হকের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার। ‘আমন্ত্রণ’ শিরোনামের এই গানটির মাধ্যমে প্রায় বছর পাঁচেক পর বিটিভির ঈদ আনন্দমেলা’য় গাইলেন আঁখি আলমগীর।

গান প্রসঙ্গে আঁখি বলেন, ‘পুরো গানটাতে উৎসবের বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বলতে পারেন, আনন্দমেলার উপযোগী একটি গান। গানটি দর্শক-শ্রোতাদেরও বেশ ভালো লাগবে।’

গত শুক্রবার মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে এ গানটির জন্য কণ্ঠ দেন আঁখি ও কণা। আগামী ১৫ সেপ্টেম্বর দর্শকের উপস্থিতিতে গানটি ধারণ করা হবে বলেই জানা গেছে।

এবারের ‘আনন্দমেলা’ গ্রন্থনা, উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। প্রযোজনা করছেন সারোয়ার মিয়া। ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।