'আনন্দমেলা'র থিম গানে বাপ্পা ও কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার ও কোনাল
বাপ্পা মজুমদার ও কোনাল

বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার এবারের থিম গান গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল। বাপ্পা মজুমদার জানান, ব্রিটিশ বংশোদ্ভূত গায়ক ক্লিফ রিচার্ডসের ‘সামার হলিডেজ’ গানের আদলে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের থিম গানটি তৈরি করা হয়েছে। গানটির সুর ঠিক রেখে নতুন কথা ও সংগীতায়োজনে এ গানটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে গানটির দৃশ্যধারণেও অংশ নেন বাপ্পা মজুমদার ও কোনাল।
‘আনন্দমেলা’ কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও তাঁরা বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ নিয়ে একটি থিম গান গেয়েছিলেন। সেই গানটি প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের গানটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। থিম গানটির মাধ্যমে অনুষ্ঠান কর্তৃপক্ষ আয়োজনের পুরো ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানান।
আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকে আমাকে “আনন্দমেলা” অনুষ্ঠানের থিম সং তৈরির প্রস্তাব করা হয়। আমিও তাদের চাহিদামতো গানটা তৈরি করেছি। সুর যেহেতু আগের, তাই সংগীতায়োজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আরেকটা বিশেষ কারণে কাজটি করা, তা হচ্ছে এটি বাংলাদেশ টেলিভিশনের ঈদ “আনন্দমেলা”য় প্রচারিত হবে।’
কোনাল বলেন, ‘ঈদের সময় বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই ম্যাগাজিন অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের আগ্রহটা থাকে অনেক বেশি। এই ধরনের একটি অনুষ্ঠানের থিম সং গাওয়াটা অনেক বেশি আনন্দের। আর সহশিল্পী যদি বাপ্পাদার মতো পছন্দের শিল্পী হয় তাহলে তো কথাই নেই। আমি চেষ্টা করেছি গানটা ঠিকমতো গাইবার, বাকিটা দর্শকেরা দেখার পরই বলতে পারবেন। তবে আমি কিন্তু এর আগেও একবার আনন্দমেলার অনুষ্ঠানের থিম সং গাইবার সুযোগ হয়েছে।’
ঈদ আনন্দমেলা প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। সমন্বয় করেছেন এম এস রানা। আর উপস্থাপনা করেছেন আল মনসুর ও পড়শি।