'আপন মানুষ' ছবিতে কনকচাঁপার সঙ্গে গাইলেন কোনাল

চলচ্চিত্রের ‘একটি’ গান গাইতে হবে দুজনকে। ছবিতে সে গানে ঠোঁট মেলাবেন দুই বোন কিংবা দুই বান্ধবী। বেশ আগে বাংলা চলচ্চিত্রে দুজন নারীকে এভাবে একটি গানে ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল। অনেক দিন পর ছবিতে এমন একটি গান রাখছেন আপন মানুষ ছবির নির্মাতা শাহ আলম মণ্ডল। এ ছবির দুই নায়িকাকে গানটিতে ঠোঁট মেলাতে দেখা যাবে। গানটি গেয়েছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শিল্পী—কনকচাঁপা ও কোনাল।
সম্প্রতি ঢাকার মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে আপন মানুষ ছবির গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। কবির বকুলের কথায় ‘আত্মার আত্মীয়’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
প্রথম আলোর সঙ্গে আলাপে কনকচাঁপা বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান একজন শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে অনেক চলচ্চিত্রেই চমৎকার কিছু গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। এরই ধারাবাহিকতায় এবার আরও একটি সুন্দর গান গাইলাম। গানটিতে আমার সহশিল্পী কোনাল, সে আমার অনেক স্নেহের। এবারই প্রথম আমরা দুজন একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলাম।’ তিনি বলেন, ‘এর আগেও অবশ্য আমি আরও কয়েকজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি। তাঁদের মধ্যে ছিলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও মিতালী মুখার্জি।’

এ প্রসঙ্গে কোনাল বলেছেন, ‘আমি এখন নিয়মিতভাবেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছি। তবে এবারই প্রথম কনকচাঁপা আপার সঙ্গে এক গানে কণ্ঠ দিলাম। তাঁর সঙ্গে গাইতে পেরে ভালো লেগেছে। আমি নিজেও তাঁর গায়কির একজন ভক্ত।’
আপন মানুষ ছবিতে অভিনয় করছেন বাপ্পী ও পরীমনি। এ ছাড়া এই ছবিতে অভিনয় করছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।