'আবার দেখা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের সমাপনী দিনে ইরানের লোকসংগীত দল রাস্তাক–এর পরিবেশনা। গতকাল আর্মি স্টেডিয়ামে l খালেদ সরকার
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের সমাপনী দিনে ইরানের লোকসংগীত দল রাস্তাক–এর পরিবেশনা। গতকাল আর্মি স্টেডিয়ামে l খালেদ সরকার

দর্শক সারির মাঝ বরাবর লাল গেরুয়া পরা এক দর্শক নাচছেন। তাঁকে ঘিরে বেশ বড়সড় জটলা। নাচছেন আরও অনেকেই। ঠিক পাশেই নাচছে দুই বছর দুই মাস বয়সী পূর্ণ। পূর্ণর নাচের ভিডিও করছে ওর বাবা প্রদীপ। মঞ্চে তখন শাহনাজ বেলী। ‘প্রেম রসিকা হবো কেমনে’ গাইতে গাইতে নিজেও নাচছিলেন।

সব বয়সী, সব শ্রেণির মানুষের সংগীতের এক তারে আটকে ফেলার আয়োজন ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭-এর শেষ দিন ছিল গতকাল। শেষ হয়ে যাওয়ার খারাপ লাগা যতটা ছিল, ততটাই গান ঘিরে উন্মাদনা ছিল দর্শকদের মাঝে। শাহনাজ বেলী সন্ধ্যা ঠিক সাতটায় মঞ্চে ওঠেন। তখন আসন পূর্ণ হলেও গ্যালারি খানিকটা ফাঁকাই ছিল। কিন্তু ঘণ্টাখানেকের পরিবেশনা শেষে যখন নামলেন তখন পূর্ণ পুরো মাঠ ও গ্যালারি। লোকসংগীতের জন্য জনপ্রিয় এই শিল্পী মঞ্চে টেনে আনেন সব লোকসংগীত সম্রাটকে। শুরু করেন লালনের ‘অমৃত মেঘের বাড়ি’ দিয়ে। এরপর একে একে শাহ আবদুল করিমের ‘আইলাই না আইলাই না’, ‘কোন মিস্তিরি নাও বানাইলো’, আবুল সরকারের ‘তুমি কত বছর পর আইয়া’, হাসন রাজার ‘আগুন লাগাইলা দিল মনে’সহ বেশ কয়েকটি গান।

তৃতীয়বারের মতো আয়োজিত এ আসরের তৃতীয় দিন (পড়ুন শেষ দিন) মঞ্চ আলোকিত হয় সন্ধ্যা ছয়টায়। শুরুতে শাহ আলম সরকার ও আলেয়া বেগম পালাগান নিয়ে মঞ্চে ওঠেন।

বিদায় ঘণ্টা

গতকাল ছিল মেরিল নিবেদিত ও সান কমিউনিকেশনস আয়োজিত তিন দিনের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭-এর সমাপনী দিন। তাই শাহনাজ বেলীর পরিবেশনার পরপরই সমাপনীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি সংগীতশিল্পী নাশিদ কামাল। সমাপনী অনুষ্ঠানের শুরুতে সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘লোকসংগীতশিল্পীরা সারা দেশে ছড়িয়ে আছেন। তাঁরাই আমার অনুপ্রেরণা। আমরা কি তাঁদের সম্মানে দাঁড়িয়ে করতালি দিতে পারি?’

পুরো মাঠের দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মতি জানান অঞ্জন চৌধুরীর কথায়। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সেনাবাহিনী, আয়োজনের সহযোগী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষ করার আগে বলেন, ‘আগামী বছর আবার দেখা হবে। সবার সহযোগিতা নিয়ে আবারও এ উৎসব আয়োজন করবে সান কমিউনিকেশন।’

নাশিদ কামাল বক্তব্য দিতে এসে স্মৃতিচারণা করেন। প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘গ্রামের মানুষেরা কী অসাধারণ সব সংগীত তৈরি করেছেন! তাঁদের সংগীতের জোরে আমরা অনুষ্ঠান করছি। তাঁরা এখনো নতুন নতুন সংগীত সৃষ্টি করে যাচ্ছেন। এটাই আমাদের আসল গর্ব করার জায়গা।’ পরে তিনি আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপনী ঘোষণা করেন।

তারপর মঞ্চে ওঠেন ডেনমার্কের জ্যাজ শিল্পী মিখেল হ্যামনিতি উইন্তা।

রাস্তাকে মাতল সবাই

১০ জনের দল নিয়ে রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে ওঠে ইরানের গানের দল রাস্তাক। অপরূপ সাজপোশাক আর অভিনব সব বাদ্যযন্ত্র দিয়ে ঢাকার আর্মি স্টেডিয়াম ভরা দর্শকদের নাচিয়ে ছাড়ে তারা। ভালুক এবং পাশবালিশের মতো দেখতে এক অদ্ভুত বাদ্যযন্ত্র নিয়ে মঞ্চের এ মাথা থেকে ও মাথা অবধি নেচে বেড়ান একজন। পরিবেশনা শেষে মুহুর্মুহু করতালি দিয়ে সেই নেচে বেড়ানোর জবাব দেন দর্শক।

রাস্তাকের পর মঞ্চে আসেন ভারতের বাসু দেব বাউল। তাঁরা শোনান পরিচিত বেশ কিছু গান। গানের তালে স্টেডিয়ামের ভেতরে গোলাকার বৃত্ত হয়ে নাচেন দর্শকেরা।

রাত ১২টার একটু আগে মঞ্চে ওঠে গ্র্যামি বিজয়ী মালির গানের দল তিনারিওয়েন। অসাধারণ পরিবেশনা দিয়ে মাতায় তারা।

 তৃতীয়বারের মতো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৭-এ বাংলাদেশসহ মোট আটটি দেশের ১৪০ জন লোকসংগীতশিল্পী অংশ নেন।