'আমাদের নিয়ে অপপ্রচার বন্ধ করুন'

ব্যান্ড লালনকে নিয়ে অনেক দিন যাবৎ নানা গুঞ্জন শোনা যায়। দেশের জনপ্রিয় অন্য ব্যান্ডগুলোকে যেভাবে পাওয়া যায়, ব্যান্ড লালনকে সেভাবে পাওয়া যায় না। এই ব্যান্ড কোথায় কবে গান করছে, আদৌ গান করছে কি না, এর সদস্যরা কী করছেন, অ্যালবাম কোথায়সহ রয়েছে আরও কিছু গুরুতর অভিযোগ। ব্যান্ড লালনের প্রধান তিতি (থিন হ্যান মং) বলেন, ‘এই সবই অপপ্রচার। সবার কাছে অনুরোধ, প্লিজ, আমাদের নিয়ে অপপ্রচার বন্ধ করুন।’
আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে তিতি বলেন, ‘একটা ব্যাপার খেয়াল করবেন, আমরা কিন্তু গতানুগতিক ধারার বাইরে কাজ করি। এ ধরনের কাজ করার জন্য সবাই নিজেদের মধ্যে থাকি। নিজেদের মতো করে বসি। গানের মানুষ, গান করি। আমরা খুবই প্রচারবিমুখ। সংবাদে বিশ্বাস করি না। কাজ করে যাচ্ছি। সবাই কাজ দিয়ে আমাদের মূল্যায়ন করবে।’
ব্যান্ড লালনের সদস্যদের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ শোনার আগেই তিতি বলেন, ‘ওই যে বললাম, অপপ্রচার। আমরা সাঁইজির গান করি। লালনের আখড়ায় যাই। সাধুদের সঙ্গে বসি। তাঁদের কাছ থেকে গান শুনি। সেখানে দীর্ঘ সময় কাটাই। এসব কারণেই আমাদের নিয়ে অনেক কথা হয়। আমাদের কোনো বড় সমস্যা নেই।’
অনেক দিন পর ব্যান্ড লালন নতুন অ্যালবাম আনছে। একসঙ্গে দুটি অ্যালবাম। নাম 'সাদাকালো' আর 'বাউল অব বেঙ্গল'। তিতি বললেন, ‘আমরা শহরে থাকি। গাড়িতে চড়ি। রুম শীতাতপ নিয়ন্ত্রিত। শহুরে সব সুবিধা ভোগ করছি। শহরের এসব মানুষের জন্য আমাদের "সাদাকালো" অ্যালবাম। সবকটি মৌলিক গান। নিজেদের লেখা, সুর ও সংগীত। আর "বাউল অব বেঙ্গল" অ্যালবামে বাংলার কয়েকজন উল্লেখযোগ্য বাউলের গান গেয়েছি।’

তিতি আরও বলেন, ‘শুরু থেকেই আমাদের কিছু নীতিমালা আছে। এই যেমন স্পনসর নিয়ে আমরা কোনো অ্যালবাম করব না, পুরস্কার নেব না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফরমায়েশি কাজ করব না, কণ্ঠশিল্পী সুমি ব্যান্ডের বাইরে আলাদাভাবে গান করবে না। আমরা ইচ্ছে করলে যেকোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অ্যালবাম প্রকাশ করতে পারতাম, কিন্তু তা করছি না। নিজেদের রোজগারের টাকা থেকে বাঁচিয়ে অ্যালবাম তৈরি করেছি।’
ব্যান্ড লালনের নতুন দুটি অ্যালবাম কীভাবে প্রকাশ করা হবে? তিতি বলেন, ‘আমরা গান করি। সাদামাটা জীবন। জটিলতা পছন্দ করিনা। রয়্যালিটির নামে যে প্রহসন হচ্ছে, তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আর এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেছনে পেছনে ঘুরতে পারব না। আমরা তো দেখছি, শিল্পীদের ঠকিয়ে এসব প্রতিষ্ঠান কীভাবে অর্থের মালিক হচ্ছে। তাই শুরুতে আমাদের নতুন দুটি অ্যালবাম গান (Gaan) অ্যাপে দেব। যে কোনো মুঠোফোনে অ্যাপটি বিনা মূল্য ডাইনলোড করে যে কেউ গানগুলো শুনতে পারবেন। আর তিন মাস পর এমথ্রি ফরম্যাটে ইন্টারনেটে রেখে দেব। যে কেউ ফ্রি শুনতে পারবে। এটা চলমান নানা জটিলতার বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ, আমাদের প্রতিবাদ।’
এ বছর ডিসেম্বর মাসে অ্যালবাম দুটি প্রকাশ করবে ব্যান্ড লালন।