'আমার বিরাট পুরস্কার আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলোয়ার আরজুদা শরফ
দেলোয়ার আরজুদা শরফ

ফোন ধরতেই তাঁর কণ্ঠ, সঙ্গে শোনা যায় নানা রকম বাজনা। গতকাল শুক্রবার রাতে স্টুডিওর ভেত​র থেকে বেরিয়ে এসে জানান, নতুন গানের রেকর্ডিং চলছে। নিজের লেখা গানের রেকর্ডিং দেখতে স্টুডিওতে সময় কাটাচ্ছিলেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। এবারের ঈদেও তাঁর বেশ কিছু গান নিয়ে প্রকাশিত হবে অ্যালবাম। সেগুলো গাইছেন বরেণ্য ও নবীন শিল্পীরা।
স্টুডিওতে এতটা সময় কাটিয়ে তাঁর প্রাপ্তি কী? এমন প্রশ্নে মৃদু হেসে দেলোয়ার বলেন, ‘আমার বিরাট পুরস্কার আছে।’ সেই পুরস্কারগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তায় বের হলে কোথাও না কোথাও আমার গান বাজতে শুনি। এটা আমাকে উজ্জীবিত রাখে। প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলে আমার লেখা গান প্রচারিত হচ্ছে। এটাই আমার জীবনের সব থেকে বড় পুরস্কার।’
দেলোয়ার জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার গান লিখেছেন তিনি। সেসব গান যাঁরা গেয়েছেন, তাঁদেরও প্রিয় সেই গানগুলো। মঞ্চে বা টেলিভিশনে একটা বা দুটো গান করার সুযোগ থাকে। শিল্পীরা তাঁর লেখা গানগুলো করেন। তিনি বলেন, ‘মমতাজ আপার জন্য ‘‘জলের আয়না” অ্যালবামে যে গানগুলো করেছি, আগামী ১০০ বছর মানুষ সেগুলো শুনবে।’
সম্প্রতি সাউন্ডটেক থেকে প্রকাশিত হলো তাঁর লেখা গানের নতুন মিশ্র ডিজিটাল অ্যালবাম ‘তুই আমার সব’। অভি আকাশের সুরে ও মুশফিক লিটুর সংগীতায়োজনে গানগুলো গেয়েছেন মমতাজ, পারভেজ ও কাজী শুভ। এই অ্যালবামে মমতাজ গেয়েছেন ‘কী দুঃখ প্রাণে’ ও ‘ফেসবুক’, পারভেজ গেয়েছেন ‘নক্ষত্র’, ‘মেলামেশা’ ও ‘জানা নেই আমার’, কাজী শুভ গেয়েছেন ‘অনাবাদি অন্তর’, ‘উৎসব’ ও ‘একমাত্র তোর লাইগা’ গানগুলো। দেলোয়ার জানালেন, সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখে এই গানগুলো লেখা। এগুলোর সুর লোকগান ও আধুনিকের মিশেলে করা। ফলে সব শ্রেণির মানুষেরই ভালো লাগবে। গানগুলো জিপি মিউজিকে প্রকাশিত হচ্ছে ঈদুল ফিতরে। এ ছাড়া গানগুলো মোবাইলে ওয়েলকাম টিউন করা যাবে।