'আমি এখনো তরুণ'

: হ্যালো, হাদী ভাই, শুভ জন্মদিন।
: ধন্যবাদ।
: দিনটি কেমন কাটালেন?
: বেশ ভালো, অনেক শুভেচ্ছা পেয়েছি। অনেকেই ফুল, কেক, উপহার নিয়ে আসছে। চ্যানেল আই ও আরটিভি অনুষ্ঠানও করল। বেশ কিছু সংগঠনও এসেছে। এখন তো রমজান মাস। ইফতারের আগে কেক কাটতে পারছি না। ইফতারের পর সবাই মিলে কেক কাটব।
গতকাল শুক্রবার বিকেলে কথা হচ্ছিল সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে। গতকাল ১ জুলাই ছিল তাঁর জন্মদিন। দেশবরেণ্য এই শিল্পী ঘটা করেই উদ্যাপন করেন জন্মদিন। এবারও তাই। তবে এই সময়ে এসেও তাঁর কাছে বয়স নয়, কাজই মুখ্য। নিজের বয়স নয়, বললেন গান গাওয়ার বয়সটা। ৫৬ বছরে পড়ল সংগীতজীবন। এই বয়সেও যেন চিরতরুণ তিনি। তিনি পার করলেন ৭৫ বছর।
আব্দুল হাদী বললেন, ‘জন্মদিনে তোমাদের একটা খবর দিই। ষাট-সত্তরের দশকে আমার গাওয়া গানগুলো এক মোড়কে বের হবে এই জুলাই মাসেই। মোট ৪৫টি গান থাকবে। চারটি সিডি একসঙ্গে বের করা হচ্ছে। ওই গানগুলো আবার আমি নতুন করে গেয়েছি।’
গানের প্রসঙ্গ আসায় জানতে চাই, জন্মদিনে যদি আপনার গাওয়া কোনো গান পছন্দ করতে বলা হয়, কোনটি করবেন?
চেনা হাসিটাই উপহার দিলেন এই সংগীতশিল্পী। ‘এটা বলা খুব কঠিন। আমার সব গানই খুব পছন্দের। এর মধ্যে “সূর্যোদয়ে তুমি” এবং “যে মাটির বুকে ঘুমিয়ে আছে” গান দুটি এগিয়ে রাখব। কারণ, এই গান দুটি দিয়েই আমার যেকোনো অনুষ্ঠান শুরু এবং শেষ করি।’
চিরসবুজ এই শিল্পী আরও গাইতে চান। শেষ করলেন এভাবে, ‘শোনো, বয়স শুনে অনেকেই অবাক হয়ে যায়। কিন্তু আমি এখনো তরুণ। আমি এখনো একইভাবে গান গাইতে চাই।’
উল্লেখ্য, আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষে একটি গানও লেখা হয়েছে। লিখেছেন ওমর ফারুক। ফরিদ আহমেদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ধ্রুব গুহ, মুহিন ও চম্পা বণিক।