'আমি পেরেছি, তোমরাও পারবে'

তরুণদের পছন্দের র্যাপারদের মধ্যে এখন শীর্ষে রয়েছেন কানাডীয় শিল্পী ড্রেক। গ্র্যামিজয়ী এই তারকা সম্প্রতি গিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সেন্টারে। সেখানে তরুণদের অনুপ্রাণিত করতে নাতিদীর্ঘ একটি বক্তব্য দেন এই তরুণ র্যাপার। তাতে তরুণদের সফল হতে প্রয়োজনে যেকোনো কিছু করার পরামর্শ দিয়েছেন তিনি।
গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় ৪০তম ‘ন্যাশনাল ইয়ুথ মান্থ’ উদ্যাপনে হটনের নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে যান ড্রেক। সেখানে তাঁকে স্বাগত জানান স্থানীয় একজন মন্ত্রী ও ম্যান্ডেলার পরিবারের সদস্যরা। ভীষণ ব্যস্ততায় মধ্যেই উপস্থিত ভক্তদের উদ্দেশে ড্রেক বলেন, ‘আমাদের প্রত্যেক তরুণের জীবনেই কিছু না কিছু লক্ষ্য বা স্বপ্ন থাকে। সেই লক্ষ্য অর্জনে যা যা করা সম্ভব, সবকিছু করতে হবে। ভবিষ্যৎকে আনন্দময় করতে আমি যদি পারি, এই ঘরে যারা উপস্থিত আছ, তোমরা সবাই পারবে।’
তরুণ ভক্তদের সঙ্গে সেখানে খানিকটা সময় কাটিয়েছেন তিনি। প্রাণ খুলে আরও অনেক কথাও বলেছেন। দেশটিতে ধারণ করা হবে তাঁর ‘কনট্রোলা’ গানের ভিডিও। সম্প্রতি দারুণ জনপ্রিয়তা পেয়েছে ড্রেকের সাম্প্রতিক অ্যালবাম ‘ভিউ’। বিলবোর্ড চার্টে এখনো শীর্ষে রয়েছে অ্যালবামটি। সেলিব্রিটি ও টাইমস