'আয় দেখে যা জগৎবাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। উৎসবের মঞ্চে বাঁ থেকে ফরিদা পারভীন, ফেরদৌসী রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী l প্রথম আলো
ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। উৎসবের মঞ্চে বাঁ থেকে ফরিদা পারভীন, ফেরদৌসী রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী l প্রথম আলো

গেরুয়া আলোর প্যান্ডেলের দিকে তাকিয়ে দর্শকেরা। কখন ক্লান্তি দূর করে গেয়ে উঠবেন লোকগানের খ্যাতিমান সব শিল্পী সেই অপেক্ষা। দর্শকদের চমকে দিয়ে বইঠা হাতে মঞ্চে এল ঝলমলে একটি নাচের দল। ‘নাও ছাড়িয়া দে/ পাল উড়াইয়া দে’ গানের সঙ্গে শুরু হওয়া এই নাচটি ছিল দর্শকদের জন্য এক চমক। লোকগান শুনতে এসে লোকগানের সঙ্গে নাচ। আর এ দিয়েই শুরু হলো মেরিল নিবেদিত এবং মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টস আয়োজিত তিন দিনের বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক লোকগানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৫’।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজন শুরু হয় মিনু হকের পল্লবী ড্যান্স গ্রুপের লোকগানের সঙ্গে বেশ কয়েকটি নাচের সঙ্গে। আর আন্তর্জাতিক এই উৎসবের গান শুরু করেন বাউলসাধক লালন সাঁইজির গানের শিল্পী ফরিদা পারভীন। লালনের প্রার্থনা ঘরানার গান ‘পাড়ে লয়ে যাও আমায়’ দিয়ে শুরু করার পর তিনি করেন ‘মিলন হবে কত দিনে’ এবং ‘সময় গেলে সাধন হবে না’। এই শিল্পী বলেন, ‘পৃথিবী অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। এখন লোকসংগীতের মাধ্যমে মানুষের মধ্যে একটু শান্তি বিলানো দরকার।’
তাঁর গান চলাকালীন মাঠে প্রবেশ করতে দেখা যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লিগীতির সম্রাট আব্বাস উদ্দীনের কন্যা ফেরদৌসী রহমান। অতিথি ও আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, ‘স্বাধীনতার আগে এমন একটি উৎসব হয়েছিল। তবে সেটা শুনেছে শুধু বাংলাদেশের মানুষেরা। রেডিওতে সেই অনুষ্ঠান প্রচার করা হয়েছিল। আনন্দের কথা হচ্ছে অনেক আগে হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক এই উৎসবটি দেশে শুরু হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যাশা করি, এই অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা হবে।’

লোকসংগীত উৎসবে গতকাল গান গেয়ে শ্রোতাদের মাতালেন  ভারতের শিল্পী অর্ক মুখার্জী l ছবি: প্রথম আলো
লোকসংগীত উৎসবে গতকাল গান গেয়ে শ্রোতাদের মাতালেন ভারতের শিল্পী অর্ক মুখার্জী l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘যেসব গান শুনে আমাদের গ্রাম-বাংলার মানুষেরা বড় হয়েছে, আমি বড় হয়েছি, সেই লোকগান নিয়ে আন্তর্জাতিক উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’
মিনু হক, ফরিদা পারভীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, শাহ আবদুল করিমের গান ‘সোনা বন্ধু ভুইলো না আমারে’ এবং রাধা রমন দত্তের গান ‘ও জলে যাইয়ো না’ গানগুলো শোনান চন্দনা মজুমদার। এরপর কিরণ চন্দ্র রায় শোনান ‘আয় দেখে যা জগৎবাসী বাংলাদেশ ঘুরে’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গান ‘ভালো আছি ভালো থেকো’ এবং কিশোরগঞ্জের গান ‘অন্তরে বৈরাগীর লাউয়া বাজে’।
উৎসবের প্রথম দিন আরও গান করেন ভারতের শিল্পী অর্ক মুখার্জী, বাংলাদেশের লাবিক কামাল গৌরব, রব ফকির, শফি মণ্ডল, পাকিস্তানের শিল্পী সাঁই জহুর, ভারতের পাপন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
আগামীকাল গান শোনাবেন বাউলিয়ানা, বাউল ভজন খাপা, স্বপ্নীল সজীব, রুবা, নাশিদ কামাল, আজগর আলীম, জহির আলীম, নূরজাহান আলীম, বারী সিদ্দিকী, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, নুরান সিস্টার্স, পবন দাস বাউল, মমতাজ বেগম, ইউনান আর্ট ট্রুপ।
অনুষ্ঠান চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য থাকবে পর্যাপ্ত দ্বিতল বাস।