
পারিবারিকভাবে ছিল সংগীতের আবহ। বাবা-মা দুজনেই ছিলেন সংগীতগুরু। উভয়ের দিক থেকে তিন পুরুষ ধরে সংগীতচর্চা। কিন্তু মায়ের বিশেষ ইচ্ছা ছিল, তাঁর মেয়ে পারফরমার হবেন। আশ্চর্য সরলতায় বিদুষী বোম্বে জয়শ্রী বললেন, ‘মায়ের স্বপ্নের কারণে আমি শিল্পী হয়েছি।’
মা সীতাই জয়শ্রীকে বিভিন্ন গুরুর কাছে নিয়ে যান। বাবা সুব্রামানিয়াম ও মায়ের কাছে সংগীতে হাতে খড়ির পর দীক্ষা নিয়েছেন গুরু টি আর বালামানি, লালগুড়ি জয়রমন, মহাবীর জয়পুরওয়ালে, অজয় পোহানকরের কাছে। জয়শ্রী পারফরমার হয়েই নিজের কাজকে সীমাবদ্ধ রাখলেন না, গান লেখা ও তাতে সুর দিয়ে সংগীতে রূপান্তরের কাজও শুরু করলেন। জয়শ্রী বলেন, ‘গুরুর কাছ থেকে আমরা কেবল গান শিখি না, স্বরের দুনিয়ায় আমরা অনেক কিছু শিখি। সেখান থেকে অনেক কিছু বানানো যায়। আপনার কাছে তুলি ও রং থাকলে আপনি হিমালয় পর্বত বা সমুদ্রসৈকত—যা ইচ্ছা বানাতে পারেন। আর আমার জীবনে অনেক সুন্দর সুন্দর সুযোগও এসেছে।’
এর একটি ছিল নির্মাতা অ্যাং লির চলচ্চিত্র লাইফ অব পাই-এ কাজ করার সুযোগ। এই চলচ্চিত্রের ‘পাইস লালাবাই’ গানটির জন্য ২০১৩ সালে অস্কার মনোনয়ন পেয়েছিলেন। জয়শ্রী বলেন, ‘আমি গর্বিত যে শাস্ত্রীয় সংগীতের কারণে এ সুযোগ পেয়েছি। ছোটবেলা থেকে লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, রুনা লায়লাসহ আরও অনেকের গান শুনে, শিখে আমি বড় হয়েছি। আসলে মা-বাবা বিশ্বসংগীত সম্পর্কে আমাকে ধারণা দিতে চেয়েছিলেন।’
জয়শ্রী জাতি-বর্ণ-গোত্র-ধর্মে বিভক্ত মানবসমাজকে সুরের দুনিয়ায় করতে চান এক পরিবার। সবার কাছে পৌঁছে দিতে চান সংগীত। সে জন্যই চেন্নাইয়ে অবহেলিত দরিদ্র এবং অটিস্টিক শিশুদের সপ্তাহে এক দিন করে সংগীত শেখান। জয়শ্রী বলেন, ‘সমুদ্রসমান কাজে এগুলো বিন্দুও নয়। আরও অনেক কাজ করার আছে।’
আলাদিনের দৈত্যের মতো কোনো দৈত্য এসে যদি একটি ইচ্ছা পূরণ করতে চায়, কী চাইবেন?
জয়শ্রী বলেন, ‘এখনকার সংগীতশিক্ষাটুকু রেখে আমার বয়স পাঁচ করে দিক। আমি আরও অনেক শিখতে পারব।’
সঙ্গে সঙ্গেই জয়শ্রীর সহাস্য প্রশ্ন, ‘আপনারা দৈত্য পাঠাবেন?’