'আয়নাবাজি'তে অর্ণবের সুরে শানের কণ্ঠ

‘সূর্য যদি ওজন মাপে উঠে যেত রোজ/ এই বাজারের যত ধার দেনা, সব হতো শোধ।/ আজকে নাহয় মেঘলা থাকুক, নাই-বা নামুক বর্ষা/ আজকে নাহয় বসন্ত ফুলে সব হৃদয় খরচা/ এই বাজারে আজ সবাই বেচুক ভরসা।’ ‘আলু-পেঁয়াজের কাব্য’ গানের স্থায়ী অংশ এটি। গানটি আয়নাবাজি ছবির। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবার চলচ্চিত্র তৈরি করছেন। শুটিং শেষ। এখন চলছে শুটিং-পরবর্তী কিছু কাজ। গত বুধবার সন্ধ্যায় ইউটিউবে প্রথম দেখা যায় অমিতাভের নতুন ছবির এই গানটি।

গানটি প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার কথা হলো অর্ণবের সঙ্গে। জানালেন এই ছবিতে তিনি দুটি গান করেছেন, ‘আলু-পেঁয়াজের কাব্য’ ও ‘এই শহর আমার’। প্রথমটির কথা লিখেছেন রাজীব আশরাফ, সুর করেছেন অর্ণব এবং কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী শান। আর দ্বিতীয়টির কথা লিখেছেন অমিতাভ রেজা চৌধুরী এবং সুর ও কণ্ঠ দিয়েছেন অর্ণব।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই গান দর্শকদের জন্য চলচ্চিত্রটির একটি জানালামাত্র। এটি আমাদের কাজের একটি উদাহরণও বটে।’ আয়নাবাজি ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ অনেকে।