আঁখি আলমগীর। সংগীতশিল্পী। এবার ঈদে প্রকাশিত হলো তাঁর নতুন অ্যালবাম। নাম বোকা মন । এটি আঁখির ১৮তম একক অ্যালবাম। বাজারে এনেছে সংগীতা। কথা হলো তাঁর সঙ্গে।

‘বোকা মন’...
আমার কণ্ঠে শ্রোতারা সাধারণত চটুল গান বেশি শুনেছেন। এবার সেই ধারা থেকে বের হয়ে এসেছি। বোকা মন অ্যালবামের টাইটেল গান ‘বোকা মন’ খুব সফট ধাঁচের গান। এ ধরনের গান আগে আমার গাওয়া হয়নি। গেয়েছি মেলোডিয়াস কিছু গান। এই অ্যালবামে আমি অনেক বেশি পরিণত।
ঈদের পরিকল্পনা...
আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। ঈদের দিন রাতেই বাবার (চিত্রনায়ক আলমগীর) বাসায় সবার দাওয়াত থাকে। বাবা যেহেতু সবার বড়, তাই সেখানে সব আত্মীয়স্বজন আসেন। সবার সঙ্গে দেখা হয়, দারুণ আড্ডা হয়। বাবার বাসায় রাতের খাবার খেয়ে এবার একুশে টেলিভিশনে যাব। সেখানে আমার গানের অনুষ্ঠান আছে।
আমি যাঁদের গান শুনি...
সব ধরনের গানই শুনি। আমার পছন্দের শিল্পীর তালিকাটাও দীর্ঘ। যে কয়জনের নাম না বললেই নয়, তাঁরা হলেন লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, বেবী নাজনীন ও রিজিয়া পারভীন। আর এ প্রজন্মের মধ্যে কোনাল, পড়শী, ইমরান, পূজার গান ভালো লাগে।
ঈদের কেনাকাটা...
কদিন আগে চার দিনের জন্য কলকাতায় গিয়েছিলাম। সেখান থেকেই কেনাকাটার কাজ সেরে এসেছি। শাড়ি আমার সবচেয়ে প্রিয়। তাই এবার ঈদের জন্য ২৪টি শাড়ি কিনেছি।
চলচ্চিত্রের গান...
চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত এক কাপ চা এবং ইসমত আরা পরিচালিত মায়ানগর ছবিতে গান গেয়েছি।
আমাকে নিয়ে অনেক কথা...
যা সত্য নয়, তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। আমি মনে করি, অপবাদ দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না। বরং এর ফল উল্টো হয়। এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। ২০ বছরের ক্যারিয়ারে আমার ১৮টি অ্যালবাম বেরিয়েছে। আমি কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি।