'উদ্দেশ্য নেই' নিয়ে কনসার্ট

উদ্দেশ্য নেই তাহসানের ৬ নম্বর অ্যালবাম। বেরিয়েছে গত রমজান মাসে। বের করেছে জি সিরিজ। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, অ্যালবামটির ব্যাপারে শ্রোতাদের দারুণ আগ্রহ। আর তাই অ্যালবামটি ভালোই বিক্রি হয়েছে। এবার তা উদ্যাপনের পরিকল্পনা করেছেন তাহসান। গতকাল বুধবার তাহসান জানালেন, ডিসেম্বর মাসে ‘উদ্দেশ্য নেই, সেলিব্রেশন কনসার্ট’ নামে একটি কনসার্ট আয়োজন করা হবে।
তাহসান বললেন, ‘উদ্দেশ্য নেই অ্যালবামটি বেরিয়েছে মাস চারেক হয়েছে। কিন্তু এর গানগুলো কোনো কনসার্ট বা টিভির অনুষ্ঠানে গাওয়া হয়নি। অ্যালবামের পর এই কনসার্টেই প্রথম করব।’
শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন ছবিতে গান গেয়েছেন তাহসান। জানালেন, এ মাসেই ছবির গানের অডিও অ্যালবাম প্রকাশ করা হবে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তাহসান। বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বললেন, ‘পড়াশোনা নিয়েই আছি। পড়াতে হলে আগে তো নিজেকে পড়তে হয়। এর ফাঁকে যদি সময় পাই, তাহলে টিভি নাটকের কাজ করি।’