'এ আমার সংগীত জীবনের দুর্লভ পাওয়া'

মাঠে তিল ধারণের জায়গা ছিল না। সবাই এসেছেন প্রিয় শিল্পীকে হৈমন্তী শুক্লাকে এক নজর দেখতে, তাঁর গান শোনতে। শিল্পীও তাদের বিমুখ করেননি। রাত পৌনে আটটা থেকে সোয়া ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে টানা ২৫টি গান গেয়ে শোনান। গানের মাঝে মাঝে তাঁর জীবনের বিভিন্ন গল্প বললেন।
গতকাল সোমবার রাতের প্রথম প্রহরের এই ছিল ফরিদপুরের শ্রী অঙ্গনের দৃশ্য। ধর্মীয় এক অনুষ্ঠান উপলক্ষে সেখানে সংগীতানুষ্ঠানের আয়োজন করা। সেখানেই গান গাইতে আসেন হৈমন্তী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পী মঞ্চে উঠে বসেন। শুভেচ্ছা বক্তব্য, মান পত্রপাঠ, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মতো পদগুলো শেষ হওয়ার পর শুরু হয় গান পরিবেশন।
গতকালই শিল্পী বিমানে করে কলকাতা থেকে ঢাকা এসে পৌঁছান। তারপর সড়ক পথে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুর এসে পৌঁছাতে বেজে যায় বিকেল পাঁচটা। দীর্ঘ ভ্রমণে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পরা শিল্পী প্রাথমিক অবস্থায় একটু ক্লান্তি বোধ করেছেন। তাই হয়তো শুরুতে গাওয়া গানগুলি ঠিক তাঁর মনের মতো হয়ে ওঠেনি। ১০ থেকে ১১টি গানের পর সেই ক্লান্তি যেন কেটে গেল! শিল্পী তখন আগে গাওয়া একটি গান, ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’ আবারও গেয়ে শোনালেন। বলেন, ‘বাংলাদেশের দর্শকদের আমি ভালোবাসি। ক্লান্ত হয়ে এসেছিলাম তাই গলায় একটু সমস্যা ছিল। আপনারা আমার জন্য এখানে বসে আছেন। তাই আপনাদের বঞ্চিত করতে চাই না।’
গানের আয়োজন শেষ করে প্রথম আলোকে হৈমন্তী শুক্লা বলেন, ‘আমার অনেক বয়স হয়ে গেছে। আজ ফরিদপুরে গান গেয়ে যতটা ভালো লেগেছে তা আমার সংগীত জীবনের এক দুর্লভ পাওয়া। আজ মনে হচ্ছে আমার বেঁচে থাকা সার্থক। এবং এ খুশিতেই আমি আরও অনেক দিন বেঁচে থাকার প্রেরণা পাব।’