'এ গান আমার শ্রাবণে শ্রাবণে'

রবীন্দ্রনাথ হচ্ছেন শিল্প-সাহিত্যের বটবৃক্ষ। রবিঠাকুর বলেছেন, পৃথিবীটা হচ্ছে একটা খোলা বই। শিশুরা এটিকে ছড়া হিসেবে দেখে, যুবারা কাব্য হিসেবে দেখে আর বৃদ্ধরা ধর্ম হিসেবে দেখে। সংগীতশিল্পী মোস্তাকিনুন নাহার লুবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথকে যেমনভাবে পাকিস্তান সরকার নির্বাসনে পাঠিয়েছিল, ঠিক তেমনিভাবে পাকিস্তানের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে নির্বাসন দিয়েছিল।’ বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুলে ধরে হাসানুল হক ইনু আরও বলেন, ‘পাকিস্তান সরকার রবীন্দ্রচর্চায় নিষেধাজ্ঞা আরোপ করে রবীন্দ্রনাথকে যেভাবে নির্বাসনে পাঠিয়েছিলেন, ঠিক তেমনি কুচক্রীরাও বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল। আর সেই কুচক্রীরাই এখন জঙ্গিবাদের মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে।’
শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীদের হাতে সপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জি-সিরিজ থেকে প্রকাশিত এই অ্যালবামটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ রচিত বর্ষার ১২টি গান দিয়ে। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন রাসমোহন ভৌমিক।