'এটা অন্য রকম মিউজিক ভিডিও'

এই মিউজিক ভিডিওর বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, এটি যৌথ প্রযোজনার মিউজিক ভিডিও! এতে গান গেয়েছেন দুই বাংলার দুজন শিল্পী। মডেলও দুই দেশের।
গানের শিরোনাম ‘ইচ্ছেগুলো’। গানটি গেয়েছেন এ দেশের কনা এবং ভারতের কলকাতার আকাশ সেন। গত ফেব্রুয়ারিতে নির্মিত এই মিউজিক ভিডিওর মডেল হয়েছেন বাংলাদেশের তাসনুভা তিশা এবং ভারতের এক মডেল, নাম আজহার সাইনি।
গানটি নিয়ে মডেল তাসনুভা তিশা বলেন, ‘খুব বেশি মিউজিক ভিডিওতে মডেলিং করা হয় না আমার। তবে এ গানে কাজ করা ছিল আমার জন্য দারুণ ব্যাপার। এটা অন্য রকম একটি মিউজিক ভিডিও। দেখলেই বুঝবেন।’ কথা প্রসঙ্গে জানিয়ে রাখলেন, ভিডিওটি গত ফেব্রুয়ারিতেই প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে হয়নি।

গতকাল ‘ইচ্ছেগুলো’ শিরোনামের রোমান্টিক এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। শরীফ আল দীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন পরাগ।