'এবং রুনা লায়লা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লার সঙ্গে শাকিলা জাফর, ফাহমিদা নবী ও কনা
রুনা লায়লার সঙ্গে শাকিলা জাফর, ফাহমিদা নবী ও কনা

১৯৬৫ সাল থেকে এখনো সমানতালে গান করে যাচ্ছেন উপমহাদেশের বাংলা গানের জনপ্রিয় শিল্পী রুনা লায়লা। তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্তিকে উদ্যাপন করতে নানা দিকে নানা আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলা গানের এই কিংবদন্তি শিল্পীকে নিয়ে নির্মিত হলো ‘এবং রুনা লায়লা’ নামের নতুন একটি অনুষ্ঠান। এতে রুনা লায়লা তাঁর সংগীতজীবন, ব্যক্তিজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।
এ অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা প্রথম আলোকে বলেন, ‘আমি খুব বেশি টিভি অনুষ্ঠান করি না। “এবং রুনা লায়লা” অনুষ্ঠানের ভাবনাটা আমার দারুণ পছন্দ হয়েছে। তাই অনুষ্ঠানটি করতে রাজি হয়েছি।’
‘এবং রুনা লায়লা’ অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে আড্ডায় মুখোমুখি হয়েছেন শাকিলা জাফর, ফাহমিদা নবী ও কনা। আড্ডার পাশাপাশি রুনা লায়লা খালি কণ্ঠে গানও গেয়েছেন।
ফাহমিদা নবী বলেন, ‘অনেক ধরনের অনুষ্ঠানই করে থাকি। তবে রুনা আপার সঙ্গে এই অনুষ্ঠানের অভিজ্ঞতা একেবারে অন্য রকম।’
‘এবং রুনা লায়লা’ অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ। তিনি জানান, ‘এবং রুনা লায়লা’ অনুষ্ঠানটি আরটিভিতে ঈদুল ফিতরে প্রচারিত হবে।