'এলিটা' নিয়ে এলেন এলিটা

অবশেষে বাজারে এল সংগীতশিল্পী এলিটার প্রথম একক গানের অ্যালবাম। নিজের নামেই অ্যালবামের নাম তিনি রেখেছেন এলিটা। অ্যালবামটির প্রকাশ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, ডেইলি স্টার-এর প্রকাশক ও সম্পাদক মাহ্ফুজ আনাম, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশের পক্ষে শুভজিৎ রায় এবং মাল্টিসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির এম আউয়াল। অ্যালবাম এলিটা এবং শিল্পী এলিটাকে নিয়ে মাহ্ফুজ আনাম বলেন, ‘এলিটাকে আমি একজন সাংবাদিক হিসেবে, একজন সংগীতশিল্পী হিসেবে এবং সবচেয়ে বড় বিষয় হলো, তাঁকে আমি একজন সুন্দর মানুষ হিসেবে বড় হতে দেখেছি।’
এক যুগের বেশি সময় ধরে গানের জগতে বিচরণ এলিটার। পাঁচ বছরের বেশি সময় ধরে অ্যালবামের কাজ করছিলেন তিনি। অবশেষে তাঁর প্রথম একক অ্যালবাম সিডি আকারে ও ডিজিটালি প্রকাশিত হলো। তাই প্রথম একক অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত এলিটা বললেন, ‘শ্রোতাদের হাতে প্রথম একক অ্যালবামটি তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আমি সাধারণত যে ধরনের গান গাই, এই অ্যালবামে তেমনটাই রয়েছে। বেশির ভাগ গানই মেলোডি ধাঁচের।’
এলিটা অ্যালবামটি বাজারে আনছে জিরোনা এন্টারটেইনমেন্ট ও মাল্টিসোর্সিং লিমিটেড।