'ওই বারো রুপি ফ্রেমে বেঁধে রেখেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনু নিগম
সনু নিগম

ভাঙাচোরো একটা হারমোনিয়াম নিয়ে পথে বসেছিলেন শিল্পী সনু নিগম। এমনভাবে মেকআপে মুড়েছিলেন মুখ, যাতে কেউ চিনতেই না পারে। পরনে ময়লা জামা, কাঁচা-পাকা উষ্কখুষ্ক চুল, চোখে কালো চশমা। একটা গাছের নিচে বসে হারমোনিয়াম বাজিয়ে গাইছিলেন তিনি।

সম্প্রতি এ রকম একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। মাত্র তিন দিনে ‘দ্য রোডসাইড ওস্তাদ’ ভিডিওটি দেখা হয়েছে চার লাখ বারের বেশি। মায়াময় কণ্ঠে হারমোনিয়াম বাজিয়ে ‘কাল হো না হো’ গানটি গেয়েছেন তিনি, লোকে দাঁড়িয়ে তাঁর গান শুনেছে। ভিডিওতে ভিক্ষুকের বেশে কখনো মুম্বইয়ের, কখনো জুহুর রাস্তায় গান গেয়েছেন তিনি। কখনো হিন্দি কোনো গান কখনো বা কোনো গজলের সুর। পথচারীরা থমকে দাঁড়িয়েছেনে, গান শুনেছেন, কেউ আবার সেসব ধারণ করেছেন মুঠোফোনে।

ভিডিওর একপর্যায়ে মেকআপ তুলতে তুলতে সনু বলছেন, ‘জীবনে লাখ লাখ টাকা রোজগার করেছি, কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই অভিজ্ঞতাটা জীবনের সবচেয়ে উজ্জ্বল ও উল্লেখযোগ্য অভিজ্ঞতা। একটি ছেলে এসে হাতের ভেতরে টাকা গুঁজে দিয়ে বলল, আঙ্কেল নাশতা করবেন। মুঠো খুলে দেখি ১২ রুপি।’ ঘরে এসে সেই টাকা তিনি বাঁধিয়ে রেখেছেন ঘরের দেয়ালে।

সনু বলছেন, ‘চারপাশে কত চমৎকার ঘটনা ঘটে যায়। আমরা সেসব টের পাই না। বর্তমানের প্রাপ্তিগুলো আমরা অনুভব করতে পারি না। শুধু ভবিষ্যতে কী অর্জন করতে হবে, সেসব নিয়ে মেতে থাকি।’