'ওরা এ দেশে কাজ করে আলোচনায় আসতে চাচ্ছে'

গানের জগতে দুই দশক ধরে আছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। চার শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। তাঁর সংগীত পরিচালনায় নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘রুটি’, আর সর্বশেষ ‘ধ্যাৎতারিকি’। সংগীত পরিচালনার পাশাপাশি ইমন সময় সুযোগ মিললে গানেও কণ্ঠ দেন, আর তা অবশ্যই তাঁর নিজের সুর ও সংগীতে। এবারের ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এও তাঁকে গাইতে দেখা গেছে। ‘আমি বাঁচতে চাই’ শিরোনামে এই গানটি প্রথমবারের মতো অন্যের সুর ও সংগীতে তিনি গাইলেন। নানা প্রসঙ্গে রোববার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকার মনজুর কাদের
অন্যের সুরে গাইলেন কেমন লাগল?
‘আমি বাঁচতে চাই’ গানের সুরকার সুজন আরিফ বেশ কিছুদিন আমার সঙ্গে কাজ করেছে। আর ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের পরিকল্পক ও উপস্থাপক আমাকে গানটি গাইবার প্রস্তাব করেন। আরেক দিকে এই গানের গীতিকার মাহমুদ মানজুর আর সংগীত আয়োজক আরিফিন রুমি আমার পছন্দের। আরেকটা কারণ ছিল এটা দেশের গান। সংগীত পরিচালনার পাশাপাশি টুকটাক গান গাইলেও দেশের গান কমই গাওয়া হয়েছে। তাই ব্যাপারটা লুফে নিলাম।
গান প্রচারের পর কেমন সাড়া পেলেন?
ঈদের সময় তো অনেক অনুষ্ঠান চলে। সবাই থাকে বেড়ানোর মুডে। তাই খুব বেশি রেসপন্স পাইনি। আমার মতে, গানটার যদি প্রচার আরেকটু করা যায়, এই গান অনেকেরই ভালো লাগবেই।
আপনি তো সিনেমার সংগীত পরিচালনা করেন। তো কাজের কী অবস্থা?
সিনেমার কাজের গতি এখন খুবই স্থির।
কেন? নিয়মিত সিনেমার কাজ তো হচ্ছে...
আমরা যাঁরা বড় বড় প্রযোজকের সঙ্গে কাজ করতাম, তাঁরা সবাই অন্য দেশে ছুটছেন। অন্য দেশে ছোটার পেছনে তাঁদের কী যুক্তি তা তাঁরাই ভালো জানেন। আমার মনে হয়, গত বছরও আমাদের দেশে সিনেমার সবচেয়ে হিট গানটার সংগীত পরিচালক আমি। ‘দিল দিল দিল’ নামের সেই গানের ভিউ এরই মধ্যে দেড় কোটি ছাড়িয়েছে। তারপরও উনারা কেন বিদেশমুখী হচ্ছেন তা আমি জানি না।
দর্শকেরা এসব বহির্মুখী গান কতটা গ্রহণ করছেন, তা-ও আমার বোধগম্য নয়।
তাঁরা যে বাইরে ছুটছেন তাহলে আমাদের এখানে মেধাবী সংগীত পরিচালক, গায়ক-গায়িকা কি নেই?
এটা তো আমি কোনো দিনই বিশ্বাস করব না। এখনো সিনেমার ভালো ভালো গান কিন্তু এ দেশ থেকেই হচ্ছে। দেশের মানুষেরাও আমাদের দেশের শিল্পীদের গানই গ্রহণ করছেন। বাইরে থেকে কোনো কিছু তো আমরা তখনই আনব, যখন আমাদের ওই ক্ষেত্রে ঘাটতি থাকবে। কিন্তু আমাদের এই দেশটা তো সংগীতের মেধায় টইটম্বুর। এখানে আরেকটা বাজে দিক হচ্ছে, দেশের বাইরে থেকে বাংলা গান বলে যা বানানো হচ্ছে, তার মধ্যে হিন্দি-উর্দু ভাষা মিশিয়ে অদ্ভুত একটা কিছু তৈরি হচ্ছে। আমরা কেন এভাবে, বাংলা গানের সঙ্গে অর্ধেক হিন্দি ও উর্দু ভাষায় গান গাইব! আর সেটা সেন্সর বোর্ড কীভাবে পাস করে, এটাই আমার বোধগম্য হয় না। আমি তো সেন্সর বোর্ডের একজন সদস্যকে জিজ্ঞেস করেছিলাম, আমি যদি একটা গানের মধ্যে হিন্দি শব্দ ব্যবহার করি, এটা কি আপনারা পাস করবেন? তখন তিনি আমাকে বলেছিলেন, যৌথ প্রযোজনার সিনেমা বলেই আমরা তা মেনে নেই।
এ কথার পরিপ্রেক্ষিতে আপনি কি আর কিছু বলেছিলেন?
আমি তখন পাল্টা তাঁকে বললাম, এটা কেমন কথা! একেকজনের জন্য একেক নিয়ম ঠিক না। যেটা আমার দেশে মুক্তি পাবে সেটা আমাদের নিয়মে হতে হবে।
এটা কবে থেকে শুরু হয়েছে?
তিন চার বছরে এই প্রবণতা বেশি। একটা সময় এই আমাকেই কিন্তু কলকাতায় সংগীত পরিচালনার কাজ করতে নিয়ে গেছে। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত টানা কাজ করছি। ১৭টার মতো সিনেমার সংগীত পরিচালনা করেছি। জোয়ারটা এমন ছিল, আমাদের নিয়ে ওরা কাজ করত। আমাদের টেকনিশিয়ান নিয়ে ওরা কাজ করত। এখন উল্টো হয়ে গেছে। ওরা আমাদের এখানে কাজ করছে। যারা কাজ করছে, তারা যে সেখানকার খুব নামকরা তা কিন্তু নয়। ওরা এ দেশে কাজ করে আলোচনায় আসতে চাচ্ছে। শুধু সংগীতের ক্ষেত্রে না, সিনেমায় তো আমাদের দেশের ৯০ ভাগ টেকনিশিয়ান ঘরে বসে আছে। সরকার যদি এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করে তাহলে তো সেটার রক্ষণাবেক্ষণ করতে হবে। আর আমাদেরকেও ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। চলচ্চিত্র বাঁচাতে হবে। প্রযোজক বাঁচাতে হবে। একজন পরিচালক ও প্রযোজককে সিনেমার বাবা-মা বলা হয়। সেই তাঁরাই যখন এভাবে বহির্মুখী হলো, তখন সেটা দুঃখজনক ছাড়া আর কিছুই নয়।