'ককটেল' নিয়ে আসছেন শুভ্র দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্র দেব
শুভ্র দেব

শিরোনাম পড়ে ভয় পাবেন না। কণ্ঠশিল্পী শুভ্র দেব ‘ককটেল’ বহন বা বিস্ফোরণ করবেন না—এ ব্যাপারে আস্থা রাখুন। তিনি গানের ‘ককটেল’ করেছেন। আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর নতুন গানের অ্যালবাম ককটেল।

শুভ্র দেব বলেন, প্রথমে জিপি মিউজিকে অ্যালবামটি প্রকাশ পাবে। পরে মোড়কে বন্দী হয়ে বাজারে আসবে।

ককটেল শুভ্রদেবের ২৮তম একক অ্যালবাম। আগের অ্যালবাম জলছবি ২০১৪ সালে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে এসেছিল। তিন বছর সময় নিয়ে এ নতুন অ্যালবামটি করেছেন। যেখানে সব কটি গানের কথা ও সুর তাঁর নিজেরই করা। সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিস।

অ্যালবামের নাম ককটেল কেন? এমন প্রশ্নের জবাবে শুভ্র দেব বলেন, কোনো কিছুতে নানা অনুষঙ্গের মিশ্রণ থাকলে সেটাকে ‘ককটেল’ বলা হয়। নতুন অ্যালবামটি একক হলেও গানগুলোর মধ্যে রয়েছে ভিন্নতার মিশ্রণ। কোনো গানের সঙ্গে কোনো গানের মিল থাকবে না। সুর, কথা সবকিছুর মধ্যেই থাকবে আলাদা বৈশিষ্ট্য।