'কাউবয়' কুমার বিশ্বজিৎ

টিভি পর্দায় গান গাইবার সময় বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এবারও তার ব্যতিক্রম হলো না। ঈদের ‘আনন্দ মেলা’য় তিনি এলেন আমেরিকান ‘কাউবয়’ হয়ে। মাথায় হ্যাট, পায়ে বুট, হাতে গিটার। ‘বল না তুমি ছাড়া কে আছে আমার’ আসিফ ইকবালের লেখা, লাকী আখন্দের সুরে তার নিজের গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করে গাইলেন ‘আনন্দ মেলা’য়।
গানটি প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, গানটির কম্পোজিশনে মেক্সিকান, লাতিন আর ওয়েষ্টার্নের সঙ্গে বাংলা গানের মেলবন্ধন ঘটিয়েছি। আর যাঁরা আমার সঙ্গে মঞ্চে নিয়মিত বাজান, তাঁদেরকে নিয়েই গানটি ‘আনন্দ মেলা’য় পারফরমেন্স করেছি।
বিটিভির অডিটোরিয়ামে দর্শক উপস্থিতিতে গত ৬ জুলাই ধারণ করা হয়েছে গানটি। এবারের ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে বিটিভিতে ঈদের রাত নয়টায়।
এদিকে সম্প্রতি কলকাতার ‘জিরোনা’ অডিও কোম্পানি থেকে বেরিয়েছে কুমার বিশ্বজিতের নির্বাচিত ১০টি গান নিয়ে অ্যালবাম ‘লিজেন্ড অব বাংলাদেশ’।