'কিং অব দ্য ব্লুজ' আর নেই

বিশ্বখ্যাত গিটারবাদক ‘কিং অব দ্য ব্লুজ’ খ্যাত বিবি কিং আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিজ বাসায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই গিটারবাদক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
বিবি কিংয়ের মেয়ে প্যাটি কিংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বিবি কিং কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
১৯২৫ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বিবি কিংয়ের জন্ম। চল্লিশের দশকে শুরু হয় তাঁর সংগীত জীবন। ১৯৪৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক আরপিএম রেকর্ডসের মধ্য দিয়ে তাঁর সংগীতের ক্যারিয়ার শুরু হয়। ‘দ্য থ্রিল ইজ গন’ গানের জন্য ১৯৭০ সালে বিবি কিং প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন। সংগীতের পুরো ক্যারিয়ারে ৩০ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান তিনি। এর মধ্যে ১৫ বারই গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেন বিবি কিং। ‘ওয়ান কাইন্ড ফেবার’ অ্যালবামের জন্য ২০০৯ সালে বিবি কিং তাঁর ১৫ তম গ্র্যামি জেতেন। বিবি কিংয়ের জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শতাধিক কনসার্টে অংশ নিয়েছেন।
রোলিং স্টোন ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের মধ্যে তাঁর অবস্থান ছিল তৃতীয়। তাঁর আগের অবস্থানে ছিলেন জিমি হেনড্রিক্স ও ডুয়ান অলম্যান। অন্যদিকে ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০ ইলেকট্রিক গিটারবাদকের তালিকাতেও তিন নম্বরে ছিলেন বিবি কিং।