'কোলাভেরি ডি' ইউটিউবে দশ কোটি পার

ভারতীয় কোনো শিল্পীর গান হিসেবে তামিল তারকা অভিনেতা ধানুশের ‘কোলাভেরি ডি’ গানটি প্রথমবারের মতো ইউটিউবে দশ কোটিরও বেশিবার দেখা হয়েছে। সনি মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছিল ২০১১ সালের নভেম্বর।
জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে আজকাল ইউটিউবের কথাই বলা হয় বেশি, বিশেষ করে সংগীতের ক্ষেত্রে। ভিডিওটি যতবার দেখা হয়েছে (ভিউ) সে সংখ্যাই যেন দর্শকপ্রিয়তার একক। পশ্চিমা সংগীতশিল্পীদের বেলায় বিশেষ করে জাস্টিন বিবার, অ্যাডেলে অথবা জেনিফার লোপেজ ইউটিউবে কোনো কিছু পোস্ট করলে সেটির ‘ভিউ’-এর আকাশচুম্বী ঊর্ধ্বগতি দেখা যায়। একই কথা খাটে টেইলর সুইফটের বেলাতেও। তবে ভারতীয় কোনো সংগীতশিল্পীর কপালে কিন্তু এত দিন এমন তকমা জোটেনি, তা সে গান যত জনপ্রিয়তাই পাক না কেনো। আট অঙ্কের সংখ্যাতে এসেই থেমে গেছে সব সময়। গানটি প্রকাশের চার বছর পর ধানুশের এই ‘কোলাভেরি ডি’ গানটি নয়ের ঘরে পা রাখে, ছাড়িয়ে যায় দশ কোটির মাইলফলক।
অনিরুদ্ধ রবিচন্দরের সুরে ‘কোলাভেরি ডি’ গানটির গীতিকার ধানুশ নিজেই। তামিল ছবি ‘৩ ’-এর জন্য গানটি গেয়েছিলেনও তিনি। এ ছবির পরিচালক ধানুশের স্ত্রী ঐশ্বরিয়া আর ধানুশ। ‘কোলাভেরি ডি’ গানটি প্রকাশের পর রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় এটি। গানটি ইউটিউবেও বেশ সাড়া ফেলে। ভারত থেকে ইউটিউবে সবচেয়ে বেশিবার খুঁজে দেখা ভিডিওতে পরিণত হয় সে সময়। বিশ্বজুড়েই গানটির বিভিন্ন সংস্করণ প্রকাশ করা হয়।
এ গানের ভক্তরাও ধানুশের এই ‘কোলাভেরি ডি’ গানটির নিজস্ব সংস্করণ বানিয়ে নেন নিজেদের মতো করেই। এ গানটি নিয়ে নিউজিল্যান্ডে ফ্ল্যাশমব হয়েছে।
সবচেয়ে বড় কথা, ‘হোয়াই দিজ কোলাভেরি ডি’ গানটির জন্য ২০১২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা প্লেব্যাক পুরুষ শিল্পীর (তামিল) খেতাব পেয়েছিলেন ধানুশ। আর এবারে ইউটিউবে ‘কোলাভেরি ডি’ ধানুশের জন্য নতুন রেকর্ড গড়ল। এনডিটিভি।