'কোল্ডপ্লে'র মিউজিক ভিডিও নিয়ে সরগরম টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোল্ডপ্লে’ ব্যান্ডের এই নতুন মিউজিক ভিডিওতে আছেন বিয়ন্স নোলস ও সোনম কাপুর
‘কোল্ডপ্লে’ ব্যান্ডের এই নতুন মিউজিক ভিডিওতে আছেন বিয়ন্স নোলস ও সোনম কাপুর

ভারতীয় সাজে মেহেদিতে হাত রাঙিয়ে ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের নতুন গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মার্কিন তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী বিয়ন্স নোলস, এতে আছেন বলিউডের তারকা সোনম কাপুরও। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সরগরম হয়ে উঠেছে এর সমালোচনায়।

‘কোল্ডপ্লে’ ব্যান্ড তাদের নতুন গানের মিউজিক ভিডিওটির থিম হিসেবে ভারতকে বেছে নিয়েছিল সম্ভবত দেশটির বর্ণাঢ্য অথচ রহস্যঘেরা সংস্কৃতির জন্য। মুম্বাইয়ে শুটিং হয়েছে গানের এই মিউজিক ভিডিওটির। গানটির মিউজিক ভিডিওটি বিয়ন্স নোলস ও কোল্ডপ্লে ব্যান্ডের একটি যৌথ উদ্যোগ।

‘কোল্ডপ্লে’র ৭ নম্বর অ্যালবাম ‘আ হেড ফুল অব ড্রিমস’-এর এই নতুন ‘হিম ফর দ্য উইকএন্ড’ গানটির মিউজিক ভিডিওকে অনেকেই ব্যাখ্যা করছেন ‘স্টেরিওটাইপ’ হিসেবে। ভারতের একটি ‘স্টেরিওটিপিক্যাল’ ছবি তুলে ধরার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে।

‘কোল্ডপ্লে’র গানের এই ভিডিওচিত্রটির পরিচালক বেন মোর। গানের মিউজিক ভিডিওটির শুটিংয়ে ব্যবহার করা হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অংশের আবহ। শুধু মুম্বাই নগরই নয়, ভারতের আরও বেশ কয়েকটি এলাকাতেও এ গানের মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

দেশটির বর্ণাঢ্য উৎসব ‘হোলি’কে ঘিরে ভারতের সংস্কৃতির ‘রহস্য’ আর ‘রং’ এ দুটি বিষয় প্রাধান্য পেয়েছে। ভিডিওচিত্রটিতে বিয়ন্স নোলস একজন ভারতীয় চলচ্চিত্র তারকার ভূমিকায় অংশ নিয়েছেন। আর সোনম কাপুর আছেন একটি ‘ক্যামিও’ চরিত্রে।

সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টুইটারে ‘কোল্ডপ্লে’র এই মিউজিক ভিডিওটি সম্পর্কে অনেক ভক্তই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই আবার এর সমালোচনা করে টুইটে লিখেছেন, কোনো ধন্যবাদ দেওয়ার নেই, এই স্টেরিওটাইপ মিউজিক ভিডিওটির জন্য। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, অবাক হওয়ার কিছু থাকবে না যখন এরপর থেকে সাপুড়ে আর সাধুর দেশ হিসেবে পরিচিত হবে ভারত।


কেউ আবার ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিটির প্রসঙ্গ টেনে লিখেছেন, মনে হয়েছে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হোলির দৃশ্যের অংশ এটি।

সোনম কাপুর অবশ্য এই মিউজিক ভিডিওতে অংশ নিতে পেরে যারপরনাই খুশি। তিনি টুইট করেছেন, ‘নাতি-নাতনিদের গল্প বলা যাবে। আমি ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলাম।

যা-হোক, চার মিনিট বিশ সেকেন্ডের এই মিউজিক ভিডিওটিতে যা যা দেখানো হয়েছে এর সবকিছুই ভারতীয়। মন্দির থেকে শুরু করে মুম্বাইয়ের বিখ্যাত হলুদ-কালো ট্যাক্সি এমনকি মার্কিন সংগীত তারকা বিয়ন্স নোলসকেও হাতে মেহেদি রাঙিয়ে আপাদমস্তক ভারতীয় সাজে বর্ণিল আর রহস্যময় করে তোলা হয়েছে। পিটিআই। মিড-ডে।