'ক্লোজআপ ওয়ান' তারকা অরিন বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন

‘১৪তম সাঁকো টেলিফিল্ম মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’ আয়োজনে বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা অরিন। সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আর বর্ণিল অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়ে অরিনের হাতে এই পুরস্কার তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন সাঁকো টেলিফিল্মের পরিচালক নাজমুল খান। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ‘১৪তম সাঁকো অ্যাওয়ার্ড’ পেয়েছেন আবিদা সুলতানা, এফ এ সুমন, লুইপা, নাজির মাহমুদ ও আহমেদ রিজভী।
শিল্পী অরিন বলেন, ‘একজন সংগীতশিল্পী হিসেবে এই পুরস্কার প্রাপ্তিতে সম্মানিত বোধ করছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে সংগীত অঙ্গনে যেন আরও বড় কিছু করতে পারি, তার জন্য সবার দোয়া কামনা করছি।’
অরিন চট্টগ্রামে সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। চার বছর বয়স থেকে তাঁর গান শেখা শুরু হয়। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’-এ সেরা বিশে উঠে সারা দেশে পরিচিতি লাভ করেন। ২০০৯ সালে শফিক তুহিনের সঙ্গে ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি গেয়ে আলোচিত হন। তখন থেকে স্টেজ শো, প্লেব্যাক, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে গান করছেন অরিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে অরিন এখন ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।