'ক্ষ'-র গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের দল ‘ক্ষ’–র অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। ছবি: সায়মন রিচার্ডসন
গানের দল ‘ক্ষ’–র অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। ছবি: সায়মন রিচার্ডসন

‘ক্ষ’ লন্ডনভিত্তিক বাংলা গানের দল। এরই মধ্যে দলটি পার করেছে সাতটি বছর। এবার এসেছে তাদের গানের অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম—ক্ষ। ২৮ আগস্ট লন্ডনের কেমডেন এলাকার দ্য ফর্জে মিলনায়তনে অনুষ্ঠিত হলো অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান শুনিয়েছে ‘ক্ষ’। অনুষ্ঠান শেষে কথা হলো ক্ষর অন্যতম সদস্য সোহিনী আলমের সঙ্গে।
অ্যালবামের নাম ক্ষ কেন? সোহিনী বললেন, ‘ঢাকায় দেখেছি প্রায় সব ব্যান্ডের ইংরেজি নাম। আমরা দেশের বাইরে থাকি। প্রবাসে বাংলা গানের চর্চা করি। আমি আর অলিভার উইকস ব্যান্ডের জন্য এমন একটা নাম খুঁজছিলাম, যা অবাঙালিরাও মনে রাখতে পারবে। তখন ‘ক্ষ’ নামটি বেছে নিয়েছিলাম। এবার যখন অ্যালবাম করছি, তখন দলের নামেই অ্যালবামের নামকরণের সিদ্ধান্ত নিই।’
‘ক্ষ’–র প্রথম অ্যালবাম এসেছে। অনুভূতি জানতে চেয়েছিলাম সোহিনীর কাছে। বললেন, ‘এই দিনটির জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আর পুরো সাতটা বছর আমরা অনেক পরিশ্রম করেছি। তার একটা রূপ ক্ষ।’
‘ক্ষ’–র যাত্রা শুরু ২০০৭ সালে। দুই বন্ধু অলিভার উইকস আর সোহিনী আলম মিলে গড়ে তোলেন গানের এই দলটি। সব ধরনের বাংলা গানই ‘ক্ষ’–র পছন্দ। আর ওই গানগুলোর কথা আর সুর ঠিক রেখে তারা নতুন সংগীতায়োজন করে। সংগীতায়োজনে ভিন্নতা আনতে যুক্ত করে আধুনিক সব বাদ্যযন্ত্র।