'গান না গাইলে ক্লান্ত লাগে'

দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বিয়ের পর শ্রেয়ার জীবনে একটাই পরিবর্তন এসেছে। আগে তিনি কোনো সাপ্তাহিক ছুটি নিতেন না। রোজই গানের রেকর্ডিং বা গানের কোনো না কোনো অনুষ্ঠান থাকত। কিন্তু এই ছুটি উপভোগ করার বদলে নাকি বিরক্ত বোধ করেন শ্রেয়া।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী বলেন, ‘আমি আর আমার স্বামী কাজের ফাঁকে এক সপ্তাহ ছুটি নিই। কিন্তু এতে আমি মোটেও আনন্দ বোধ করি না। বরং গান গাইছি না বলে সেসময় অপরাধ বোধে ভুগি। আমার মনে হতে থাকে এই ছুটি আমার মোটেও নেওয়া উচিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি সপ্তাহে ২৪ ঘণ্টা কাজ করতে চাই। গানের মধ্যে না থাকলে আমার অস্থির লাগতে থাকে। যখন সিনেমার গানের প্রস্তাব কিছুটা কম আসে তখন আমি মৌলিক গান বেশি করে গাই।’
মাত্র ১৭ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা এই গায়িকা জানান, তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন রেকর্ডিং স্টুডিওতে। কিন্তু এখনো দর্শকদের সামনে সরাসরি গান গাইতে গেলে ভয়ে বুক কাঁপে তাঁর। হিন্দুস্থান টাইমস।